ট্রাভেল প্ল্যান থেকে বিচ্যুত হলেই বিপদ: শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 15, 2026
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস শেনজেন ভিসাপ্রাপ্ত বাংলাদেশি ভ্রমণকারীদের তাদের ভিসা আবেদনে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় ভবিষ্যতে শেনজেন ভিসা প্রত্যাখ্যাত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সোমবার দূতাবাসগুলোর ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনি কি আপনার শেনজেন ভিসার অনুমোদন পেয়েছেন? তাহলে অভিনন্দন! আপনার আবেদনে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনাটি অবশ্যই অনুসরণ করবেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আপনার আবেদনে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনাটি অবশ্যই অনুসরণ করবেন। আপনার পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে শেনজেন দেশগুলোর ভিসা প্রত্যাখ্যান হতে পারে।”
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে একক ভিসায় অবাধ যাতায়াতের সুবিধা রয়েছে।
ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ও ভিসা প্রাপ্তির পর করনীয় নিয়ে দূতাবাসগুলো নিয়মিত এ ধরনের সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।