ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 13, 2026
ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন–৩২ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর পাঁচ জন কর্মী নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী নিহত ব্যক্তিদের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশ করেছে। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীর কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত দুই সদস্য খেমারাম কুমাবত ও দানিশ আলম।
এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার সকাল ১০টায় আসামের জোরহাট এয়ার ফোর্স স্টেশনে একটি ‘নিয়মিত উড্ডয়ন’ চলাকালীন আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমানটি “দুর্ঘটনার শিকার হয়েছে”।
বিমান বাহিনী লিখেছে, “এই মুহূর্তে দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা এবং প্রাথমিক তদন্ত চলছে।” তারা আরও জানায়, দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত চলছে।
সংবাদ চ্যানেল এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি সম্প্রচার করেছে, যেখানে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিমানটিকে দৃশ্যত টুকরো টুকরো হয়ে যেতে দেখা গেছে।
ভারতের বিমান বাহিনী মানুষ ও মালামাল পরিবহনের জন্য প্রায় ১০৫টি এএন-৩২ বিমানের একটি বহর পরিচালনা করে।
দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ এ বিমানটির সর্বশেষ বড় দুর্ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে, চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ রাজ্যে। তখন ১৩ জন নিহত হয়েছিলেন।