Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ার ট্যাক্সির জন্য দুবাইয়ে প্রস্তুত বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ভার্টিপোর্ট

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 08, 2026
এয়ার ট্যাক্সির জন্য দুবাইয়ে প্রস্তুত বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ভার্টিপোর্ট

ভিডিএক্স ভার্টিপোর্ট ও ইভিটিওএল উড়োজাহাজ - কোলাজ ছবি

বিশ্বে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ভার্টিপোর্টকে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিচালনার জন্য সনদ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অ্যাডভান্সড এয়ার মোবিলিটি খাতে এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) পাশে অবস্থিত সনদপ্রাপ্ত এই স্থাপনার নাম ভিডিএক্স। এটিই হতে যাচ্ছে দুবাইয়ের ভবিষ্যৎ নগর আকাশ পরিবহন নেটওয়ার্কের প্রধান কেন্দ্র।


ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) উড়োজাহাজ পরিচালনার জন্য নির্মিত এই স্থাপনাটি তৈরি করেছে স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচার। প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রক সনদ দিয়েছে জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি (জিসিএএ)।


জিসিএএর মহাপরিচালক সাইফ মোহাম্মদ আল সুওয়াইদি বলেন, বিশ্বের প্রথম বাণিজ্যিক উদ্দেশ্য নির্মি ত ভার্টিপোর্টের এই সনদ ইউএইর জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং এভিয়েশন পরিবহনের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, এই অর্জন দেশের নেতৃত্বের দূরদৃষ্টি, নিয়ন্ত্রক ব্যবস্থার পরিপক্বতা এবং সর্বোচ্চ মানের নিরাপত্তা বজায় রেখে উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার সক্ষমতার প্রতিফলন।


দুবাইয়ের পরিকল্পিত এয়ার ট্যাক্সি নেটওয়ার্কের মূল কেন্দ্র হবে ভিডিএক্স। স্কাইপোর্টস ও দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) মধ্যকার অংশীদারত্বের আওতায় শহরে আরও তিনটি ভার্টিপোর্ট নির্মাণাধীন রয়েছে। নেটওয়ার্ক পূর্ণাঙ্গ রূপ পেলে এসব এয়ারক্রাফট শহরটিকে যুক্ত করবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিডব্লিউসি) সঙ্গেও।


যাত্রীরা যা পাবেন

চারতলাবিশিষ্ট এই স্থাপনাটির আয়তন প্রায় ৩ হাজার ১০০ বর্গমিটার। এতে রয়েছে টেক-অফ ও ল্যান্ডিংয়ের জন্য দুটি পৃথক এলাকা, বৈদ্যুতিক উড়োজাহাজের জন্য দ্রুতগতির চার্জিং ব্যবস্থা এবং বেশি সংখ্যক যাত্রী সামলানোর উপযোগী যাত্রী-সুবিধা।


বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে ভিডিএক্স বছরে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার যাত্রী সামলাতে সক্ষম হবে।


গড়ে উঠছে এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক

স্কাইপোর্টস জানিয়েছে, গোটা দুবাই এয়ার ট্যাক্সি নেটওয়ার্কজুড়ে নির্মাণকাজ এগিয়ে চলছে এবং সদ্য সনদপ্রাপ্ত এই ভার্টিপোর্ট এখন ভবিষ্যৎ বাণিজ্যিক কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে কাজ করছে।


স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচারের প্রধান নির্বাহী ডানকান ওয়াকার বলেন, ভিডিএক্সের সনদ পাওয়া এবং সেই সঙ্গে বিস্তৃত দুবাই এয়ার ট্যাক্সি নেটওয়ার্কের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলায় তারা এখন বাণিজ্যিক এয়ার ট্যাক্সি সেবা চালুর আরও কাছাকাছি পৌঁছে গেছেন, যা নিরাপদ, কার্যকর ও টেকসই নগর পরিবহনের একটি নতুন যুগ খুলে দেবে।


উল্লেখ্য, দুবাইয়ের এই এয়ার ট্যাক্সি সেবা পরিচালনা করবে ক্যালিফোর্নিয়াভিত্তিক ইভিটিওএল প্রস্তুতকারী প্রতিষ্ঠান জোবি অ্যাভিয়েশন, যাদের দুবাইয়ের এয়ার ট্যাক্সি নেটওয়ার্ক পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছে।


সূত্র: এ২জেড অ্যাভিয়েশন/গালফ নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News