যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্ক করল হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ যোগাযোগ করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সংস্থাটি বলেছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করতে পারে না। ইমেইল, ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের দাবি করা হলে তা প্রতারণা হতে পারে।
২৩ নভেম্বর নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানায় ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়, যুক্তরাজ্যের ভিসা কখনোই নিশ্চিত নয়। তাই ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রস্তাবে সতর্ক থাকতে হবে।
যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতারকেরা ফোনকল, ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে ভিসাপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা ভিসা নিশ্চিত করার পাশাপাশি আবেদন মঞ্জুর করানোর ক্ষেত্রে প্রভাব খাটানোর দাবিও করতে পারে। প্রতারকেরা সরকারি কর্মকর্তাদের মতো ভাষা ব্যবহার, ভুয়া নথি ও ওয়েবসাইট তৈরি এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা ভিসা আবেদনকেন্দ্রের প্রতিনিধি পরিচয় দিয়ে অর্থ ও ব্যক্তিগত তথ্য চাইতে পারে।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সন্দেহজনক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময়, পাসপোর্ট হস্তান্তর কিংবা অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। ভিসাসংক্রান্ত অর্থ পরিশোধের ক্ষেত্রে শুধু অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি ওয়েবসাইটের ঠিকানায় ‘gov.uk’ ডোমেইন রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভিসার আবেদনে জাল নথি জমা দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এমনকি যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সরকারের এ নির্দেশনা হালনাগাদ করা হয়। ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।