Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 23, 2026
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কারাদণ্ড

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে রাজধানীর পুরানা পল্টনে ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়। এসময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর পল্টন টাওয়ারে অভিযান চালানো হয়। এসময় ‘চাঁদ ট্রাভেলস’ পরিচালনাকারী জসিম উদ্দিন প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।


এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


তিনি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিবাসন খাতে প্রতারণা রোধে বিএমইটি ও মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News