Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

গালফস্ট্রিম জি৮০০: বিজনেস জেটের ইতিহাসে দীর্ঘতম ও দ্রুততম ফ্লাইটের রেকর্ড

গালফস্ট্রিম জি৮০০: বিজনেস জেটের ইতিহাসে দীর্ঘতম ও দ্রুততম ফ্লাইটের রেকর্ড

ছবি: সংগৃহীত


বিশ্বখ্যাত উড়োজাহাজ নির্মাতা গালফস্ট্রিম অ্যারোস্পেসের জি৮০০ বিজনেস জেট একসঙ্গে দুটি বড় মাইলফলক অর্জন করেছে। উড়োজাহাজটি একদিকে যেমন প্রতিষ্ঠানের ৮০০তম সিটি-পেয়ার স্পিড রেকর্ড গড়েছে, তেমনি আলাদাভাবে ব্যবসায়িক বিমান চলাচলের ইতিহাসে দীর্ঘতম দূরত্বে দ্রুততম ফ্লাইট সম্পন্ন করেছে।


আইসল্যান্ডের রেইকজাভিক থেকে যুক্তরাষ্ট্রের সাভানা পর্যন্ত ২ হাজার ৯৭৩ নটিক্যাল মাইল পাড়ি দিতে জি৮০০-এর সময় লাগে ৫ ঘণ্টা ৫২ মিনিট, গড় গতি ছিল ম্যাক ০.৯১। এই ফ্লাইটেই গড়া হয় গালফস্ট্রিমের ৮০০তম রেকর্ড।


এর কিছুদিন পর, গত ২৮ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের মোলিন পর্যন্ত ৮ হাজার ৩০৩ নটিক্যাল মাইল নন-স্টপ উড়ে নতুন ইতিহাস গড়ে জি৮০০। ১৬ ঘণ্টা ৫৬ মিনিটের এই যাত্রায় গড় গতি ছিল ম্যাক ০.৮৫। এখন পর্যন্ত গালফস্ট্রিমের গোটা বহর মিলিয়ে মোট রেকর্ডের সংখ্যা ৮১৫টি, যার মধ্যে জি৮০০ একাই গড়েছে ১৫টি।


সংখ্যার প্রতীকী মিল

সাভানাভিত্তিক এই প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাড়তি তাৎপর্য বহন করছে যে উড়োজাহাজের নামের সঙ্গেই মিলে গেছে রেকর্ডের সংখ্যা। প্রতিযোগীদের চেয়ে দূরে ও দ্রুত ওড়ার সক্ষমতাই গালফস্ট্রিমের মূল পরিচয়, আর জি৮০০ সেই ধারা অব্যাহত রেখেছে।


গালফস্ট্রিমের প্রেসিডেন্ট মার্ক বার্নস বলেন, এই দুই ফ্লাইট শুধু জি৮০০ প্রোগ্রামের জন্যই নয়, পুরো বানিজ্যিক এভিয়েশন খাতের জন্যও গুরুত্বপূর্ণ। কম স্টপেজে ও কম সময়ে দূরের বাজারগুলো সংযুক্ত করার সক্ষমতাকেই তিনি জি৮০০-এর সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।


জি৮০০-এর বিশেষত্ব

গালফস্ট্রিমের বহরে সবচেয়ে দীর্ঘ রেঞ্জের উড়োজাহাজ জি৮০০, যা ম্যাক ০.৮৫ গতিতে ৮ হাজার ২০০ নটিক্যাল মাইল বা ম্যাক ০.৯০ গতিতে ৭ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে পারে। এতে ব্যবহৃত হয়েছে রোলস-রয়েসের পার্ল ৭০০ ইঞ্জিন, আর জি৭০০-এর মতোই এর কেবিনে রয়েছে ১৬টি ‘প্যানোরামিক ওভাল উইন্ডো’। কেবিনে সর্বোচ্চ চারটি লিভিং এরিয়া বা তিনটি লিভিং এরিয়ার সঙ্গে আলাদা ক্রু কম্পার্টমেন্টও রাখা যায়। লস অ্যাঞ্জেলেস-মেলবোর্ন কিংবা দুবাই-হিউস্টনের মতো রুটে জ্বালানি না ভরেই সরাসরি চলাচলের সমাধান হিসেবেই মূলত জি৮০০ বাজারজাত করা হচ্ছে।


২০২৫ সালের এপ্রিলে এফএএ ও ইএএসএ থেকে সনদ পাওয়ার পর ওই বছরের আগস্টেই গ্রাহকদের কাছে ডেলিভারি শুরু হয় জি৮০০-এর। ২০২৪ সালে সনদ পাওয়া জি৭০০-এর পাশাপাশিই এটি সার্ভিসে যুক্ত হয়।


বাজারে প্রভাব

সিটি-পেয়ার স্পিড রেকর্ড আসলে বাস্তব পরিস্থিতিতে একটি উড়োজাহাজের সক্ষমতা যাচাইয়ের মাপকাঠি। কোটি কোটি ডলারের উড়োজাহাজ কেনার আগে ক্রেতাদের কাছে এই প্রমাণই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জি৮০০-এর এই পারফরম্যান্স আল্ট্রা-লং-রেঞ্জ ক্যাটাগরিতে প্রতিযোগীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে, বিশেষ করে কানাডিয়ান নির্মাতা বমবার্ডিয়ারের ফ্ল্যাগশিপ মডেল গ্লোবাল ৮০০০-এর ওপর।


গালফস্ট্রিম জানিয়েছে, গ্রাহকদের কাছে জি৮০০ বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আরও নতুন রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়ে যাবে।


সূত্র: এরোএক্সপ্লোরার

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News