যুক্তরাষ্ট্রে ভ্রমণে আর্থিক সক্ষমতা নিশ্চিতের পরামর্শ মার্কিন দূতাবাসের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, March 07, 2026
ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের নিজস্ব খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
দূতাবাসটি শনিবার সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি দেখা দিলে সেই ব্যয় নিজেকেই বহন করতে হবে।
পোস্টে বলা হয়, “যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনও বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।”
ইউএস স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা গুরুতর ও স্থায়ী পরিণতি ডেকে আনতে পারে।
দূতাবাস সতর্ক করে দিয়ে জানায়, “যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।”