Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১৫ নভেম্বর শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 05, 2026
১৫ নভেম্বর শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: ‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং ও বিভিন্ন অভিজ্ঞতা বুকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড।


এ উপলক্ষে কার্নিভালের আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড ও টিকিফাইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অংশীদারত্বের বিস্তারিত তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেলবাউন্ড নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল আরেফীন এবং টিকিফাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজিত এ কার্নিভালকে বাংলাদেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রসৈকত কার্নিভাল হিসেবে অভিহিত করছেন আয়োজকরা।


প্রায় ৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক মানের বালুশিল্প, চিত্র ও কারুশিল্প প্রদর্শনী, খাবার ও কেনাকাটার আয়োজন, শিশুদের বিনোদন, মিনি গলফ, গো-কার্টিং, খেলাধুলা ও ক্যাম্পিংসহ নানা অভিজ্ঞতামূলক কার্যক্রম। বিশেষ শিল্প আয়োজনে অংশ নেবেন আন্তর্জাতিক বালুশিল্পী পল ও রেমি হগার্ড।


কক্সবাজারের পর্যটনকে আরও বৈচিত্র্যময় ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কারুশিল্পী ও পর্যটনসেবা প্রদানকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করাও এ কার্নিভালের অন্যতম লক্ষ্য।


এমওইউ অনুযায়ী, টিকিফাই কার্নিভালের এক্সক্লুসিভ অনলাইন টিকিটিং, বিভিন্ন অভিজ্ঞতা ও কার্যক্রমের বুকিং, ডিজিটাল পেমেন্ট এবং দর্শনার্থীদের প্রবেশ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সেবা দেবে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর ২০২৬ থেকে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে টিকিট সংগ্রহ ও প্রবেশসেবা চালু হবে। নিয়মিত একবার প্রবেশের পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। একই দিনে একাধিকবার প্রবেশের পাসের মূল্য ৫০০ টাকা। এ ছাড়া নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা ও কার্যক্রমের জন্য আলাদা টিকিট প্রয়োজন হবে।


আয়োজকদের প্রত্যাশা, কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬ দেশের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সৃজনশীল শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News