Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কুয়াকাটা পর্যটন কার্নিভাল আয়োজনের স্বীকৃতিতে বিপিসির ২ কর্মকর্তা ও ২ শাখাকে পুরস্কার প্রদান

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 05, 2026
কুয়াকাটা পর্যটন কার্নিভাল আয়োজনের স্বীকৃতিতে বিপিসির ২ কর্মকর্তা ও ২ শাখাকে পুরস্কার প্রদান

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তা ও দুটি শাখাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক হিসেবে মোবাইল ফোন তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।


অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান এবং পরিচালক (বাণিজ্যিক) মো. গনী উল আজম উপস্থিত ছিলেন।


কার্নিভাল বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয়, ভেন্যু ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিশেষ অবদানের জন্য ব্যক্তিপর্যায়ে দুই কর্মকর্তাকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দলগত দক্ষতা ও সেবার মান বজায় রাখার স্বীকৃতিস্বরূপ করপোরেশনের দুটি শাখাকে সম্মাননা প্রদান করা হয়।


বাংলাদেশ পর্যটন করপোরেশন জানায়, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রম ও সমন্বিত উদ্যোগের ফলে কার্নিভালটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। এ স্বীকৃতি ভবিষ্যতে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করপোরেশনের অন্যান্য পরিচালক, মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত হয়। কার্নিভালে বিচ ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উৎসব, মিউজিক কনসার্ট এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন ছিল। আয়োজকদের দাবি, এসব আয়োজন দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News