১৮ ডিসেম্বর থেকে কা মাউ বিমানবন্দরে ফ্লাইট চালু
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 27, 2026
সংগৃহীত
ভিয়েতনামের কা মাউ বিমানবন্দরে আগামী ১৮ ডিসেম্বর থেকে আবার বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এদিন থেকে ভিয়েতনাম এয়ারলাইনস, ভাসকো ও ভিয়েত্রাভেল এয়ারলাইনস হ্যানয় ও হো চি মিন সিটির সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
কা মাউয়ের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন বিভাগ ২৭ নভেম্বর এ তথ্য জানিয়েছে। বিমানবন্দরটি পুনরায় চালু উপলক্ষে ৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৮ ডিসেম্বর হো চি মিন সিটি থেকে ভাসকো ও ভিয়েতনাম এয়ারলাইনসের তিনটি ফ্লাইট এবং হ্যানয় থেকে ভিয়েত্রাভেল এয়ারলাইনসের একটি ফ্লাইট কা মাউ বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে পৌঁছানো যাত্রী ও ফ্লাইটের ক্রুদের ফুল এবং স্থানীয় বিশেষ পণ্য দিয়ে স্বাগত জানাবেন কা মাউয়ের কর্মকর্তারা। এ ছাড়া নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ওয়াটার ক্যানন স্যালুটের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিমানবন্দরটি পুনরায় চালু উপলক্ষে ভিয়েতনামের এয়ারপোর্টস করপোরেশন (এসিভি) একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এতে প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেবেন।
বিমানবন্দরটি চালুর পরদিন ১৯ ডিসেম্বর সেখানে একটি ফোরাম অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় কর্তৃপক্ষ, ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী ও ট্যুর অপারেটররা অংশ নেবেন। বিমানবন্দরটির উন্নয়নের বিভিন্ন সুযোগ নিয়ে সেখানে আলোচনা হবে। এরপর ৫০ জন পর্যটন কর্মকর্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের একটি দল কা মাউ-দাত মুই এলাকার বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করবে। হ্যানয়-কা মাউ সরাসরি ফ্লাইটকে কাজে লাগিয়ে নতুন পর্যটন প্যাকেজ চালুর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ২৭ নভেম্বর হ্যানয়ে কা মাউয়ের কর্মকর্তাদের সঙ্গে ভিয়েতনাম এয়ারলাইনসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হো চি মিন সিটি-কা মাউ রুটে ফ্লাইট পুনরায় চালু এবং হ্যানয়-কা মাউ সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়।
কা মাউয়ের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন বিভাগের পরিচালক নগুয়েন কুয়ক থান বলেন, ফ্লাইট চলাচল নিয়মিত রাখা এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুই পক্ষ ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি করার বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি পর্যটন ও বিনিয়োগ প্রচারের উদ্যোগ জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
ফ্লাইট চলাচল পুনরায় চালু ও সম্প্রসারণের ফলে ভিয়েতনামের সবচেয়ে দক্ষিণের প্রদেশ কা মাউয়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে। পাশাপাশি পর্যটন খাতের টেকসই উন্নয়নেও এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।