বগুড়া বিমানবন্দরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 27, 2026
সংগৃহীত
বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ফ্লাইট চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। এ কারণে আপাতত বেসরকারি বিমান সংস্থার মাধ্যমে বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন।
এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বগুড়ার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বগুড়া বিমানবন্দর চালুর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের আশা করছেন তারা।
বিমানবন্দর চালুর জন্য কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, প্রাথমিকভাবে রানওয়ে সম্প্রসারণ ও একটি টার্মিনাল নির্মাণের প্রয়োজন হতে পারে। প্রয়োজনীয় এসব কাজ সম্পন্ন করে রানওয়ে ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।