২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা সরকারি সিদ্ধান্ত নয়: মালয়েশিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, September 02, 2026
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়া—বাংলাদেশের এক প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে দেশটির সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।
বুধবার পুত্রজায়ায় মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল বলেন, বিষয়টি নিয়ে তিনি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানানের সঙ্গে যোগাযোগ করেছেন। মানবসম্পদমন্ত্রী তাকে জানিয়েছেন, বাংলাদেশি একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া বক্তব্যটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।
ফাহমি বলেন, “আমি বিষয়টি নিয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়। আমার জানা মতে, একজন জুনিয়র মন্ত্রী এ কথা বলেছেন। তাই এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না।”
এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেবে মালয়েশিয়া। সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এবং ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হবে বলেও তিনি জানিয়েছিলেন।
শাহে আলমের ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানির মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের নিয়োগ ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।
গত ৩০ আগস্ট মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের এসব তথ্য জানান শাহে আলম।
এদিকে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের ফলে দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি এখন পর্যন্ত মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়া কোনো সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
মালয়েশিয়া ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত করে। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় শোষণ, ঋণের দায়ে আটকে পড়া, জোরপূর্বক শ্রম এবং প্রতিশ্রুত কর্মসংস্থান ছাড়া কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর মতো অভিযোগের পর দেশটি বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়া বন্ধ করে দেয়।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা জোরদার হয়েছে। গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস (NST), মালয়েশিয়া।