নভেম্বরের জন্য জেট ফুয়েলের নতুন দাম
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 06, 2026
নভেম্বর মাসের জন্য জেট ফুয়েলের (জেট এ-১) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য দাম বাড়ানো হয়েছে, আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কমানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন এ তথ্য জানায়।
নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ৩ পয়সা। ৭ অক্টোবর এই দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা, অর্থাৎ লিটারে বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা। দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার। আগে ছিল ১ দশমিক ১৮৮২ ডলার, অর্থাৎ কমেছে শূন্য দশমিক শূন্য ২৪৫ ডলার।
বিইআরসি জানায়, নতুন দাম ৫ নভেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে। গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনায় এ দাম ঠিক করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিইআরসি আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বৃহস্পতিবার গণশুনানি করে। শুনানিতে প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বিপিসির ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল লিটারে ৯৫ টাকা ১২ পয়সা, এবং এপ্রিলে দাম বেড়ে হয়েছিল ২২৭ টাকা ৮ পয়সা।