Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশে আইকাও-এর এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ অডিট দলের

বাংলাদেশে আইকাও-এর এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ অডিট দলের

বাংলাদেশে আইকাও-এর এভিয়েশন সিকিউরিটি অডিট সম্পন্ন, নিরাপত্তাব্যবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ অডিট দলের

বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) এভিয়েশন সিকিউরিটি অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। অডিট শেষে আইকাও প্রতিনিধিদলের সম্মানে আজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে এক নৈশভোজের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী,  বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক,  আইকাও অডিট দলের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে আইকাও অডিট দলের প্রধান মি. ক্যালাম লুইস ভাইন (Mr. Callum Lewis Vine) বাংলাদেশের এভিয়েশন নিরাপত্তাব্যবস্থার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, পূর্ববর্তী সময়ের তুলনায় বাংলাদেশের বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এবারের অডিটে বড় ধরনের কোনো নিরাপত্তা উদ্বেগ (Major Security Concern) পাওয়া যায়নি। তিনি নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে বেবিচক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর গৃহীত উদ্যোগ এবং আন্তঃসংস্থার সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।



প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত আইকাও অডিট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে কাজ করছে। নতুন উড়োজাহাজ সংগ্রহ, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ এবং বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে শক্তিশালী বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থার কোনো বিকল্প নেই।


মন্ত্রী আরও বলেন, এবারের অডিট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পেছনে বেবিচক, এভিয়েশন সিকিউরিটি বিভাগ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রস্তুতি ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বেবিচক চেয়ারম্যানের নিবিড় তদারকি, নিয়মিত পর্যালোচনা সভা এবং কার্যকর দিকনির্দেশনার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে অডিট কার্যক্রমে সহযোগিতা ও গঠনমূলক পর্যবেক্ষণের জন্য আইকাও প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে আইকাও সদর দপ্তরের অডিট টিম লিডার যুক্তরাজ্যের মি. ক্যালাম লুইস ভাইন ছাড়াও অডিট দলের সদস্য শ্রীলঙ্কার মি. পাঠবেরিয়া আপ্পুহামিলাগে জয়কান্তা (Mr. Pathberiya Appuhamilage Jayakantha), ফিলিপাইনের মিস আলেসান্দ্রা অ্যারেনাস (Ms. Alessandra Arenas) এবং সিঙ্গাপুরের মি. শেখ আবদুল্লাহ বিন আব সুকর (Mr. Shaikh Abdullah Bin Ab Sukor) উপস্থিত ছিলেন।


বেবিচক আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা ও মানদণ্ড অনুসরণ করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও টেকসই করতে প্রতিশ্রুতিবদ্ধ।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News