বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নেবে বোয়েসেল
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 06, 2026
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী পাঠাবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি. কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে। নির্বাচিতরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন, প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। বোয়েসেল জানায়, ওভারটাইম, থাকার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।
প্রথমে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নেবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে টাকা দিতে হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।