২০২৭ সালে আবারও আকাশে উড়বে রাশিয়ার বোয়িং ৭৪৭ কার্গো উড়োজাহাজ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 19, 2026
ছবি- সংগৃহীত
রাশিয়ায় দুটি বোয়িং ৭৪৭-৪০০ কার্গো উড়োজাহাজ আবারও চালুর উদ্যোগ নিয়েছে দেশটির ইএএস গ্রুপ। ২০২৭ সালে উড়োজাহাজ দুটি বাণিজ্যিকভাবে পরিচালনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রথমটি মে মাসে এবং দ্বিতীয়টি সেপ্টেম্বরে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম এয়ার কার্গো নিউজ গত ১৭ নভেম্বর এ তথ্য জানিয়েছে। উড়োজাহাজ দুটি আগে রাশিয়ার কার্গো এয়ারলাইনস এয়ারব্রিজকার্গো পরিচালনা করত। পরে এগুলো অ্যারোফ্লট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রোসিয়ার বহরে যুক্ত হয়। তবে কার্গো পরিবহনের বাণিজ্যিক সম্ভাবনা পর্যালোচনার পর উড়োজাহাজ দুটি লিজদাতা প্রতিষ্ঠান এনএলকে-ফাইন্যান্সের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ইএএস গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, উড়োজাহাজ দুটি দিয়ে রাশিয়ার সঙ্গে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পণ্য পরিবহন করা হবে। বোয়িং ৭৪৭-৪০০ কার্গো উড়োজাহাজ বড় পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহনে সক্ষম। সাধারণ পণ্য ও ভোগ্যপণ্য পরিবহনে এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়।
তবে উড়োজাহাজ দুটি চালুর আগে প্রয়োজনীয় কারিগরি সংস্কার এবং পরিচালনাসংক্রান্ত প্রস্তুতি শেষ করতে হবে। এ বিষয়ে উড়োজাহাজগুলোর নিবন্ধন নম্বর, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা ও অর্থায়নের বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সম্ভাব্য গ্রাহক এবং ফ্লাইট পরিচালনার সংখ্যাও জানায়নি ইএএস গ্রুপ।
ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২ সালে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর এয়ারব্রিজকার্গো তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। এরপর থেকে প্রতিষ্ঠানটির বোয়িং উড়োজাহাজের বেশির ভাগই বসে আছে। ২০২৪ সালের নভেম্বরে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ এয়ারব্রিজকার্গোর পরিচালনাসনদ স্থগিত করে।
ইএএস গ্রুপের পুরো নাম ইভরাজ এভিয়া সার্ভিস। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন রেড উইংস এয়ারলাইনসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়েভগেনি সলোদিন। তিনি মস্কোর কাছে ঝুকভস্কি বিমানবন্দরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার কোম্পানি নিবন্ধনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ইএএস গ্রুপ ভলগা-ডনেপ্র কার্গো গ্রুপের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্যে এয়ারব্রিজকার্গোও রয়েছে।