Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিশ্বের সেরা এয়ারলাইন এমিরেটস, শীর্ষ ১০-এ নেই ইউরোপের কেউ

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 19, 2026
বিশ্বের সেরা এয়ারলাইন এমিরেটস, শীর্ষ ১০-এ নেই ইউরোপের কেউ

সংগৃহীত

২০২৭ সালের বিশ্বের সেরা এয়ারলাইনগুলোর তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় প্রথম স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস। তবে শীর্ষ ১০-এ জায়গা পায়নি ইউরোপের কোনো এয়ারলাইন।


যাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। জরিপে অংশ নেওয়া যাত্রীদের গত তিন বছরে ভ্রমণ করা সর্বোচ্চ পাঁচটি এয়ারলাইন সম্পর্কে মতামত দিতে বলা হয়। এ ক্ষেত্রে উড়োজাহাজের কেবিনের আরাম, সেবার মান, বিনোদনের ব্যবস্থা, টিকিটের দামের তুলনায় সেবার মান এবং খাবার ও পানীয়ের বিষয়গুলো বিবেচনা করা হয়।


তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান স্ট্যাটিসটার জরিপের ফলাফলের সঙ্গে ভ্রমণবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির কাছ থেকে পাওয়া এয়ারলাইনগুলোর পরিচালনাগত পারফরম্যান্স যুক্ত করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।


মধ্যপ্রাচ্যে গত নয় মাসে ভ্রমণে নানা বিঘ্ন ঘটলেও এমিরেটস শীর্ষস্থান ধরে রেখেছে। এ ছাড়া সেরা মূল্যসাশ্রয়ী এয়ারলাইন এবং ব্যবসায়িক ভ্রমণের জন্য সেরা এয়ারলাইন হিসেবেও স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।


এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, এ বছরের নানা চ্যালেঞ্জের মধ্যেও সংস্থাটি সেবা ও পণ্যের মান উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। যাত্রীরা ভালো সেবার বিষয়টি লক্ষ্য করেন। তাই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।


ইউরোপের এয়ারলাইনগুলোর অবস্থান


টাইমের তালিকায় ইউরোপের কোনো এয়ারলাইন শীর্ষ ১০-এ জায়গা পায়নি। তবে শীর্ষ ২০-এ রয়েছে কয়েকটি সংস্থা। ইউরোপের এয়ারলাইনগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে টার্কিশ এয়ারলাইনস। তাদের অবস্থান ১৪তম। ফিনএয়ার ১৫তম, লট পোলিশ এয়ারলাইনস ১৬তম এবং ব্রিটিশ এয়ারওয়েজ ১৭তম স্থানে রয়েছে। এ ছাড়া আইবেরিয়া রয়েছে ২৪তম স্থানে।


তবে নির্ভরযোগ্যতার দিক থেকে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের কয়েকটি এয়ারলাইন। সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে রায়ানএয়ার। এ তালিকায় ইজিজেট অষ্টম, টার্কিশ এয়ারলাইনস ১১তম, উইজ এয়ার ১২তম, ব্রিটিশ এয়ারওয়েজ ১৫তম, ভুয়েলিং ২১তম এবং আইবেরিয়া ২৪তম স্থানে রয়েছে।


দীর্ঘপাল্লার ভ্রমণে সেরা অভিজ্ঞতার স্বীকৃতি পেয়েছে ভার্জিন আটলান্টিক। এ বিভাগে টার্কিশ এয়ারলাইনস পঞ্চম, কেএলএম নবম, আইবেরিয়া দশম, ব্রিটিশ এয়ারওয়েজ ১৪তম, এয়ার ফ্রান্স ১৭তম, লুফথানসা ১৮তম এবং সুইস ১৯তম স্থানে রয়েছে।


যাত্রীদের পছন্দের এয়ারলাইন বিভাগে সুইজারল্যান্ডের এডেলওয়াইস সপ্তম স্থান পেয়েছে। এ বিভাগে ফিনএয়ার ১৩তম, লট পোলিশ এয়ারলাইনস ১৪তম, টার্কিশ এয়ারলাইনস ১৬তম এবং ব্রিটিশ এয়ারওয়েজ ২১তম স্থানে রয়েছে।


ইউরোপের সেরা বিমানবন্দর


টাইম ও স্ট্যাটিসটা যৌথভাবে আকারভেদে বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকাও প্রকাশ করেছে। এ ক্ষেত্রে বিমানবন্দরগুলোকে বছরে যাত্রীসংখ্যার ভিত্তিতে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।


বছরে ৫ কোটির বেশি যাত্রী ব্যবহার করেন—এমন বিমানবন্দরকে প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়েছে। বড় বিমানবন্দরের ক্ষেত্রে যাত্রীসংখ্যা আড়াই কোটি থেকে ৫ কোটি। মাঝারি বিমানবন্দরে যাত্রীসংখ্যা আড়াই কোটির কম এবং ছোট বিমানবন্দরে ১ কোটির কম।


প্রধান বিমানবন্দরগুলোর তালিকায় ইউরোপের কোনো বিমানবন্দর শীর্ষ ১০-এ জায়গা পায়নি। তবে বড় বিমানবন্দরগুলোর মধ্যে অসলো বিমানবন্দর ষষ্ঠ স্থানে রয়েছে।


মাঝারি বিমানবন্দরগুলোর তালিকায় হেলসিঙ্কি দশম হয়েছে। ছোট বিমানবন্দরগুলোর মধ্যে নিউক্যাসল পঞ্চম এবং বিলবাও নবম স্থানে রয়েছে।


বিমানবন্দরগুলোর মধ্যে সংযোগসুবিধার দিক থেকে প্রধান বিমানবন্দরগুলোর তালিকায় আমস্টারডামের শিফল পঞ্চম, মিউনিখ অষ্টম এবং লন্ডনের হিথ্রো নবম স্থানে রয়েছে।


বড় বিমানবন্দরগুলোর মধ্যে মিলান মালপেনসা দ্বিতীয়, স্টকহোম আরলান্ডা তৃতীয় এবং লন্ডন গ্যাটউইক চতুর্থ স্থান পেয়েছে।


সূত্র- ইউরো নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News