ইথিওপিয়ান এয়ারলাইনসে সাইবার হামলা, ঝুঁকিতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 19, 2026
সংগৃহীত
ইথিওপিয়ান এয়ারলাইনসের সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে। তবে গ্রাহকদের আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
গ্রাহকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসফিন তাসিউ। তিনি জানান, বিমান সংস্থাটির নিয়মিত যাত্রীদের জন্য পরিচালিত আনুগত্য কর্মসূচি শেবামাইলসের সঙ্গে সংশ্লিষ্ট সিস্টেমে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে গ্রাহকদের কোন ধরনের তথ্য প্রকাশ হয়ে থাকতে পারে কিংবা কতজন এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা জানায়নি বিমান সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে শেবামাইলস কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি তাদের সিস্টেমে সীমিত পরিসরে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের কিছু তথ্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ইথিওপিয়ান এয়ারলাইনস।
এদিকে গ্রাহকদের সন্দেহজনক বার্তা ও অপরিচিত যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বিমান সংস্থাটি। এসব বার্তার মাধ্যমে প্রতারণা বা ফিশিং হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তদন্তের অগ্রগতি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনস। তবে হামলার সময়, ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।