জাপান-আর্জেন্টিনার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর নতুন সুযোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 19, 2026
সংগৃহীত
জাপান ও আর্জেন্টিনার মধ্যে বিমান চলাচলে নতুন চুক্তি হয়েছে। এর ফলে দুই দেশের বিমান সংস্থাগুলো নিয়মিত যাত্রী ও কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। এর আগে দুই দেশের বিমান সংস্থাগুলোর মধ্যে শুধু কোডশেয়ারিংয়ের মাধ্যমে ফ্লাইট পরিচালনার ব্যবস্থা ছিল।
নতুন চুক্তি অনুযায়ী, আর্জেন্টিনার যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে জাপানের বিমান সংস্থাগুলো। একইভাবে টোকিওর হানেদা বিমানবন্দর ছাড়া জাপানের যেকোনো বিমানবন্দরে ফ্লাইট চালাতে পারবে আর্জেন্টিনার বিমান সংস্থাগুলো। তবে মধ্যবর্তী গন্তব্য, ফ্লাইটের সংখ্যা ও পঞ্চম স্বাধীনতা অধিকার নিয়ে চুক্তিতে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে চুক্তিটি সই হয়। এতে জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো ও আর্জেন্টিনার ন্যাশনাল সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরা সই করেন।
চুক্তিতে টোকিওর হানেদা বিমানবন্দরকে বাদ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হলে টোকিওর নারিতা বিমানবন্দর ব্যবহার করা হতে পারে। তবে নারিতা থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় ১৮ হাজার ৩০০ কিলোমিটার। বর্তমানে দুই দেশের বিমান সংস্থাগুলোর হাতে থাকা উড়োজাহাজ দিয়ে এই দূরত্ব বিরতিহীনভাবে পাড়ি দেওয়া কঠিন।
তবে দুই দেশের মধ্যে আকাশপথে যাত্রী চলাচল বাড়ছে। সাবর মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে জাপান ও আর্জেন্টিনার মধ্যে দুই পথে যাতায়াত করেছেন প্রায় ৪৫ হাজার ১০০ যাত্রী। আগের ১২ মাসের তুলনায় এ সংখ্যা ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
এই সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছেন টোকিও-বুয়েনস এইরেস রুটে। এ পথে যাত্রী ছিলেন প্রায় ৩৯ হাজার ২০০ জন। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৭ শতাংশ বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওসাকা-বুয়েনস এইরেস রুট। এ পথে যাত্রী ছিলেন প্রায় ৩ হাজার ১০০ জন। নাগোয়া-বুয়েনস এইরেস রুটে যাত্রী ছিলেন ৮০০ জনের কম।
জাপান ও দক্ষিণ আমেরিকার মধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে দুই পথে যাত্রী চলাচল করেছেন প্রায় ৪ লাখ ৩২ হাজার ৯০০ জন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১৮ দশমিক ৫ শতাংশ বেশি। একই সময়ে এ বাজারে আনুমানিক ভিত্তিমূল্যের আয় ২৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৮ কোটি ২১ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, আর্জেন্টিনা থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাত্রী চলাচলও বেড়েছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে এ পথে দুই দিক মিলিয়ে যাত্রী ছিলেন প্রায় ২ লাখ ৫৪ হাজার ৩০০ জন। আগের বছরের তুলনায় যা ২১ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে জাপানের অংশ প্রায় ১৮ শতাংশ।
ওএজির তথ্য অনুযায়ী, জাপানের সঙ্গে লাতিন আমেরিকার সরাসরি ফ্লাইট চলাচল এখন শুধু মেক্সিকোর মধ্যে সীমাবদ্ধ। ২০২৬ সালের গ্রীষ্মকালীন সূচিতে এ পথে প্রায় ১ লাখ ৮১ হাজার ৩০০টি আসন রেখেছে বিমান সংস্থাগুলো।
অন্যদিকে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আর্জেন্টিনার একমাত্র নিয়মিত ফ্লাইট সংযোগ চায়না ইস্টার্ন এয়ারলাইনসের সাংহাই-অকল্যান্ড-বুয়েনস এইরেস রুট। ২০২৫ সালের ডিসেম্বরে এই ফ্লাইট চালু হয়।