Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পাওয়ার নতুন সুযোগ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পাওয়ার নতুন সুযোগ বাংলাদেশের

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা ফিরে পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশটিতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য নতুন একটি অধ্যায়।


যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।


আজ ঢাকায় সাংবাদিকদের ওই কর্মকর্তা বলেন, ‘এগুলো সবই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আরও ভালো অর্থনৈতিক সম্পর্ক চায় এবং সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে।’ তিনি দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি), জ্বালানি সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক এবং ডিএফসির সর্বশেষ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।


২০১৮ সালে আধুনিক কাঠামোয় ডিএফসি প্রতিষ্ঠার পর বাংলাদেশই প্রথম দেশ, যারা আবার এই সংস্থার অর্থায়ন পাওয়ার যোগ্যতা ফিরে পেয়েছে। কয়েক বছরের কূটনৈতিক আলোচনা ও শ্রম খাতের সংস্কারের পর এ সিদ্ধান্তকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


শ্রমমানের উন্নতির পর বাংলাদেশ এ যোগ্যতা ফিরে পেয়েছে। আগের অন্তর্বর্তী সরকার শ্রম খাতে কিছু সংস্কার শুরু করেছিল। পরবর্তী সময়ে নির্বাচিত সরকার আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে এসব সংস্কার এগিয়ে নেয়।


মার্কিন ওই কর্মকর্তা বলেন, শুধু নতুন আইন প্রণয়ন নয়, শ্রম খাতের সংস্কার বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতির কারণেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।


প্রচলিত উন্নয়ন সহায়তার মতো নয় ডিএফসির কার্যক্রম। এটি যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগবিষয়ক সংস্থা। ঋণ, ঋণের নিশ্চয়তা, রাজনৈতিক ঝুঁকির বিপরীতে বিমা এবং সরাসরি বিনিয়োগের মাধ্যমে বেসরকারি পুঁজি সংগ্রহে সহায়তা করে সংস্থাটি।


ওই কর্মকর্তা বলেন, ‘ডিএফসি যুক্তরাষ্ট্রের বিনিয়োগবিষয়ক সংস্থা, এটি কোনো উন্নয়ন ব্যাংক নয়।’ তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার ওপর যুক্তরাষ্ট্র এখন বেশি গুরুত্ব দিচ্ছে।


যেসব প্রকল্প বাণিজ্যিকভাবে লাভজনক, সেগুলোতে ডিএফসি অর্থায়ন করতে পারে। বিশেষ করে রাজনৈতিক ও আর্থিক ঝুঁকির কারণে যেসব প্রকল্পে প্রচলিত বেসরকারি বিনিয়োগকারীরা অর্থায়নে আগ্রহী হন না, সেসব প্রকল্পেও সহায়তা দিতে পারে সংস্থাটি। ডিএফসির অগ্রাধিকার খাত সাতটি। এগুলো হলো জ্বালানি, অবকাঠামো ও পরিবহনব্যবস্থা, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা, কৃষি ও খাদ্যনিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।


বাংলাদেশের ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ আলোচনায় জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত বেশি সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে।


অবকাঠামো ও পরিবহন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত ডিএফসির অর্থায়নের জন্য বিমান চলাচল বা বিমানবন্দরসংক্রান্ত কোনো প্রকল্প চিহ্নিত কিংবা অনুমোদন করা হয়নি।


সম্ভাব্য বিনিয়োগের সুযোগ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার জন্য ২০২৭ সালের শুরুর দিকে ডিএফসির একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তবে অর্থায়নের যোগ্যতা ফিরে পাওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে অর্থ পাবে। মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত প্রকল্পগুলোকে বাণিজ্যিকভাবে লাভজনক হতে হবে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে।


তারপরও নতুন এ যোগ্যতার ফলে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সম্ভাবনাময় প্রকল্পে অর্থায়নের আরও একটি সুযোগ পাবেন।


গত ১৬ নভেম্বর ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা ফিরে পাওয়ার ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, অর্থায়নের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয় একে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর সুযোগ হিসেবে উল্লেখ করেছে।


মার্কিন ওই কর্মকর্তা পারস্পরিক বাণিজ্য চুক্তিকে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের রূপরেখা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশের ধারাবাহিক উন্নতি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ।


দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি, জ্বালানি সহযোগিতা এবং ডিএফসির অর্থায়নের যোগ্যতা ফিরে পাওয়া—এই তিনটি উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের নতুন কাঠামো তৈরি করছে। এর মাধ্যমে অবকাঠামো আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News