২০৩১ সাল পর্যন্ত দুবাই হারিকেনসের পাশে থাকবে এমিরেটস
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 25, 2026
সংগৃহীত
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের সঙ্গে দুবাই হারিকেনস স্পোর্টস ক্লাবের অংশীদারত্ব আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটিকে সহায়তা করবে এমিরেটস। এবার ক্লাবটির খেলাধুলার তালিকায় যুক্ত হয়েছে বাস্কেটবল।
এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সাল থেকে দুবাই হারিকেনসের সঙ্গে কাজ করছে এমিরেটস। আগামী পাঁচ বছরও ক্লাবটির খেলোয়াড় তৈরি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়তা করবে বিমান সংস্থাটি। তিন বছর বয়সী শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের নিয়ে রাগবি, নেটবল, ক্রিকেট ও বাস্কেটবল কার্যক্রম পরিচালনা করে ক্লাবটি।
২০০০ সালে মাত্র ১০ জন রাগবি খেলোয়াড় নিয়ে যাত্রা শুরু করে দুবাই হারিকেনস। বর্তমানে চারটি খেলায় ক্লাবটির খেলোয়াড়ের সংখ্যা ১ হাজার ২০০-এর বেশি। তাঁদের বয়স তিন বছর থেকে ৫০ বছরের বেশি। ২০১৫ সালে নেটবল, ২০২০ সালে ক্রিকেট এবং ২০২৬ সালে বাস্কেটবল যুক্ত হয়।
ক্লাবটিতে রাগবির ২২টি বয়সভিত্তিক দল, নেটবলের ২৯টি দল, ক্রিকেটের দুটি দল এবং বাস্কেটবলের ১২টি বয়সভিত্তিক দল রয়েছে। ক্লাবটি এমিরেটস দুবাই সেভেনস, ওয়েস্ট এশিয়া প্রিমিয়ারশিপ ও ইউএই প্রিমিয়ারশিপের মতো প্রতিযোগিতায় অংশ নেয়।
২০২৪-২৫ মৌসুমে ক্লাবটির পুরুষ রাগবি দল ওয়েস্ট এশিয়া প্রিমিয়ারশিপ ও ইউএই প্রিমিয়ারশিপের শিরোপা জেতে। ২০২৫-২৬ মৌসুমে দুবাই সেভেনসেও চ্যাম্পিয়ন হয় দলটি। একই মৌসুমে নেটবল দল গালফ প্রিমিয়ার নেটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ক্রিকেট দল জেতে ২০২৫-২৬ সালের দুবাই সিক্সেস। গত তিন বছরে ক্লাবটি থেকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে ২০ জনের বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে এমিরেটস।
ক্লাবটি ফিজি, কিরিবাতি, উগান্ডা, শ্রীলঙ্কা, কেনিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে খেলাধুলার সরঞ্জাম দান করে। ২০২৫ সালে উগান্ডার এমবালে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পোশাক পরিবর্তনের কক্ষ তৈরিতে সহায়তা করে ক্লাবটি। এ ছাড়া স্থানীয় শিক্ষকদের প্রশিক্ষণ ও একটি নেটবল টুর্নামেন্টের আয়োজন করে।
রাগবির সঙ্গে এমিরেটসের সম্পর্ক শুরু হয় ১৯৮৭ সালে। ওই বছর দুবাই রাগবি সেভেনসের স্পনসর হয় বিমান সংস্থাটি। এটি এমিরেটসের সবচেয়ে দীর্ঘদিনের স্পনসরশিপ। বর্তমানে ওয়ার্ল্ড রাগবি, এশিয়া রাগবি ও ইউএই রাগবি ফেডারেশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গেও অংশীদারত্ব রয়েছে তাদের। ২০২৫ সালে ওয়ার্ল্ড রাগবির প্রথম প্ল্যাটিনাম পার্টনার হয় এমিরেটস।