কারিগরি ত্রুটিতে কুয়েতে অবতরণ করল ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 25, 2026
ছবি- সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে পোল্যান্ডের ক্রাকো থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ পথ পরিবর্তন করে কুয়েতে অবতরণ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট এফজেড১৭৮৮ পরিচালনা করছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অ্যারোকর্নারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১টা ৫৪ মিনিটে ক্রাকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর যাত্রা শুরু করে এটি। রাত ৮টা ৫৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির গতিপথ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের দুবাই পৌঁছে দিতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের প্রধান অগ্রাধিকার।
তবে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল এবং উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন, তা জানায়নি ফ্লাইদুবাই। যাত্রীরা কখন দুবাই পৌঁছাবেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
২০১৮ সালে পোল্যান্ডের ক্রাকো শহরে ফ্লাইট চালু করে ফ্লাইদুবাই। সংস্থাটি ছিল সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিমান সংস্থা, যারা শহরটিতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে।
এদিকে দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে আবার ফ্লাইট চালুর বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফ্লাইদুবাই। প্রায় দুই মাস আগে উড়োজাহাজে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ হওয়ার পর ওই রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। তবে কবে নাগাদ আবার ফ্লাইট চালু হবে, তা জানায়নি তারা।