Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বোয়িংয়ের ১০টি ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইনস

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
বোয়িংয়ের ১০টি ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইনস

ছবি- মালয়েশিয়া এয়ারলাইনস

মালয়েশিয়া এয়ারলাইনসের মূল প্রতিষ্ঠান মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ (এমএজি) বোয়িংয়ের কাছ থেকে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ কিনছে। পাশাপাশি আরও ছয়টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।


চুক্তি অনুযায়ী, উড়োজাহাজগুলোতে জিই অ্যারোস্পেসের জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা হবে। ২০৩২ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করার কথা রয়েছে।


কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ দেশটির সরকারি কর্মকর্তা ও বোয়িং এবং জিই অ্যারোস্পেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এমএজি জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইনস হবে দেশটির প্রথম বিমান সংস্থা, যারা বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার পরিচালনা করবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে তাদের বড় আকারের উড়োজাহাজের সংখ্যা ও পরিচালন সক্ষমতা বাড়বে। পাশাপাশি ২০৩২ থেকে ২০৩৫ সালের মধ্যে পর্যায়ক্রমে বহর থেকে সাতটি এয়ারবাস এ৩৫০ সরিয়ে নেওয়া হবে।


প্রতিটি ড্রিমলাইনারে তিন শ্রেণির কেবিনে মোট ৩১৯টি আসন থাকবে। উড়োজাহাজগুলো দিয়ে ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য গন্তব্যের মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, সিডনি, মেলবোর্ন, টোকিও, ওসাকা ও সিউল। তবে এসব রুটে ফ্লাইট পরিচালনা ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনাগত চাহিদার ওপর নির্ভর করবে।


এমএজির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসারুদ্দিন এ বাকার বলেন, ৭৮৭ ড্রিমলাইনার কেনা প্রতিষ্ঠানটির ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। এসব উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে বেশি যাত্রী পরিবহন এবং আরও দক্ষতার সঙ্গে ফ্লাইট পরিচালনায় সহায়তা করবে।


এদিকে জিই অ্যারোস্পেসের ফুয়েল ইনসাইট ও ফ্লাইটপালস সফটওয়্যার ব্যবহারের চুক্তিও নবায়ন করেছে এমএজি। পাঁচ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ অংশীদারত্ব রয়েছে। এসব সফটওয়্যার জ্বালানি সাশ্রয় এবং উড়োজাহাজ পরিচালনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে।


মালয়েশিয়া এয়ারলাইনসের বহরে বর্তমানে ৩৭টির বেশি নেক্সট-জেনারেশন ৭৩৭ এবং ১৯টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। এ ছাড়া আরও ৫৫টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্রয়াদেশ রয়েছে। এর মধ্যে ৪৩টি ৭৩৭-৮ এবং ১২টি ৭৩৭-১০ মডেলের। বাকি উড়োজাহাজগুলো ২০৩০ সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।


তবে ১০টি ড্রিমলাইনার কেনার চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি এমএজি। অতিরিক্ত ছয়টি উড়োজাহাজ কেনার সুযোগের মূল্য ও সময়সীমাও জানানো হয়নি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News