Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু বিটিটিএফ ২০২৬

তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থীর প্রত্যাশা

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর শুরু বিটিটিএফ ২০২৬

ছবি: ওহিদুজ্জামান টিটু

২০টিরও বেশি দেশের পর্যটন খাতের অংশীজনদের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।


তিন দিনব্যাপী মেলাটি ২৯ থেকে ৩১ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড এবং পর্যটন খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) মেলার আয়োজন করছে। এবারের বিটিটিএফের টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স।


রোববার, ৭ সেপ্টেম্বর, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর রূপরেখা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।


আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল, ২২০ জনের বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফাইড বায়ার এবং আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। এছাড়া মেলায় ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।


চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেবে বলে আশা করা হচ্ছে।


মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।


ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট মেলার প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে। ওপাস কমিউনিকেশনস লিমিটেড পিআর পার্টনার, এম৩৬০আইসিটি টেকনোলজি পার্টনার এবং কনভয় সার্ভিস ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।


২০টিরও বেশি দেশের পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি এবারের মেলায় অংশ নেবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে জানিয়েছে টোয়াব।


এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের পর্যটন খাতের অংশীজনরাও মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।


আয়োজকদের মতে, আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের উপস্থিতি পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে বৈশ্বিক বাজারের পর্যটন অংশীদারিত্ব সম্প্রসারণে ভূমিকা রাখবে।


টোয়াব জানিয়েছে, ১৩টিরও বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন বাজারে পরিণত হয়েছে। প্রদর্শনী, বিজনেস-টু-বিজনেস নেটওয়ার্কিং, ডেস্টিনেশন প্রমোশন এবং অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এবারের মেলার লক্ষ্য।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News