২৫ ডিসেম্বর ভ্রমণকারীদের আগেভাগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ বিমানের
সিনিয়র প্রতিবেদক
| Published: Wednesday, December 24, 2025
আগামী ২৫ ডিসেম্বর যাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন, তাঁদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীচাপ, নিরাপত্তা তল্লাশি ও ইমিগ্রেশন প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগতে পারে—এমন বিবেচনায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের আগেভাগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক রুটের যাত্রীদের ফ্লাইট ছাড়ার কমপক্ষে চার ঘণ্টা আগে এবং অভ্যন্তরীণ রুটের যাত্রীদের কমপক্ষে দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো উচিত। এতে করে চেক-ইন, ইমিগ্রেশন ও নিরাপত্তা সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।
বিমান কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে চেক-ইন সম্পন্ন না হলে যাত্রীদের ভ্রমণ ব্যাহত হতে পারে। এ কারণে যাত্রীদের সময় ব্যবস্থাপনার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।