২৮টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনবে রিয়াদ এয়ার, বহরে যুক্ত হচ্ছে ৭৮৭-১০
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, July 21, 2026
ছবি: বোয়িং
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আরও ২৮টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ কেনার অপশন কার্যকর করেছে, যার মধ্যে ২০টি হবে বড় আকারের ৭৮৭-১০ মডেলের। সোমবার বোয়িং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের অর্ডারের প্রায় সব অপশন কার্যকর করার এই চুক্তিতে আগে ঘোষণা না করা আরও ১১টি উড়োজাহাজ কেনার তথ্যও রয়েছে। বাকি ১৭টি উড়োজাহাজ চূড়ান্ত হলে রিয়াদ এয়ারের মোট নিশ্চিত অর্ডার দাঁড়াবে ৬৭টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে।
রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ডগলাস বলেন, এই সিদ্ধান্ত ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট চালুর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ। তিনি বলেন, বর্তমানে থাকা ছয়টি ৭৮৭-৯ উড়োজাহাজে যাত্রীরা ভালো সাড়া দিয়েছেন, আর ৭৮৭-১০ যুক্ত হলে যাত্রী ও কার্গো চাহিদা মেটাতে সক্ষমতা আরও বাড়বে।
বোয়িং জানায়, ৭৮৭-৯ ও ৭৮৭-১০ একসঙ্গে চালানোর ফলে রিয়াদ এয়ার একই ধরনের ফ্লাইট ডেক ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ পদ্ধতি ও পাইলট প্রশিক্ষণ ব্যবহার করতে পারবে, যা পরিচালন খরচ কমাতে সহায়ক হবে।
বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ড্রিমলাইনার পরিবারের সবচেয়ে বড় সংস্করণ হিসেবে ৭৮৭-১০-এ ৭৮৭-৯-এর তুলনায় ৫০টি বেশি আসন থাকবে, পাশাপাশি জ্বালানি খরচ ও কার্বন নির্গমন কমবে ২৫ শতাংশ।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্টেফানি পোপ বলেন, রিয়াদ এয়ারের এই বাড়তি অর্ডার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে সহায়ক হবে এবং বিশ্বমানের এয়ারলাইন্স হয়ে ওঠার লক্ষ্যে ৭৮৭-১০ একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
রিয়াদ এয়ার এ পর্যন্ত ছয়টি ৭৮৭-৯ উড়োজাহাজ বুঝে পেয়েছে এবং ছয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পূর্ণ মালিকানাধীন এই এয়ারলাইন্স ২০৩০ সালের মধ্যে ২ লাখেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের তেল ছাড়া অন্য খাতের জিডিপিতে ২ হাজার কোটি ডলারেরও বেশি অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে।