৩০ নভেম্বর পর্যন্ত বিমান জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 01, 2026
ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে দেশটির সরকার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিমান জ্বালানি (এভিয়েশন ফুয়েল) রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার রুশ সরকার এ তথ্য জানিয়েছে।
রাশিয়া মূলত রেলপথে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে জেট ফুয়েল রপ্তানি করে থাকে।
রুশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই সিদ্ধান্তের লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।”
রাশিয়া এরই মধ্যে পেট্রোল রপ্তানিতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। তবে ডিজেল রপ্তানির ক্ষেত্রে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও গত সপ্তাহে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছিল, এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অনেক তেল শোধনাগার উৎপাদন কমাতে বা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হওয়ায় মে মাসে রাশিয়ার ডিজেল উৎপাদন প্রায় ১০ শতাংশ কমেছে। এর আগে এপ্রিল মাসেও উৎপাদন মাসভিত্তিক প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছিল। তবে উৎপাদন কমলেও ডিজেল রপ্তানি বেড়েছে বলে তথ্যগুলোতে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স।