৫ বছরে ১ কোটি শ্রমিক বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি বিএনপির
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, February 06, 2026
কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৫ বছরে ১ কোটি মানবসম্পদ বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি জানায়। সকল শ্রমিকের জন্য মূল্যসূচক ও মুদ্রাস্ফীতির ভিত্তিতে ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
দলের এই শ্রম ও প্রবাসীকল্যাণ বিষয়ক পরিকল্পনা ফেব্রুয়ারির ১ তারিখে প্রকাশিত নির্বাচনী ইশতেহার ২০২৬-এর খসড়া সারসংক্ষেপ থেকে জানা গেছে।
ইশতেহারে বলা হয়, উপজেলা পর্যায়ে নিবন্ধিত কর্মীদের প্রশিক্ষণ ও ভাতা দেওয়া হবে। দরিদ্র শ্রমিকদের শূন্য বা ন্যূনতম খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসী কর্মীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা চালু করার কথাও জানানো হয়।
বিএনপি প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দেয়। এই কার্ডে কর্মীদের ব্যক্তিগত তথ্য, দক্ষতা ও কর্মপরিস্থিতির তথ্য সংরক্ষিত থাকবে। কার্ডটি ব্যাংক পেইমেন্ট গেইটওয়ের সঙ্গে যুক্ত থাকবে, যাতে সহজে রেমিট্যান্স পাঠানো যায় এবং অতিরিক্ত প্রণোদনার সুবিধাও পাওয়া যায়।
ইশতেহারে নারী শ্রমিকদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, সমপরিমাণ কাজে সমপরিমাণ বেতন এবং রাষ্ট্রায়ত্ত শিল্পে পেনশন ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়।
ইশতেহারে উল্লেখ করা হয়, শ্রমিকদের মজুরি মূল্যসূচক ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়নের অধিকার সুরক্ষা এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে ঐ দল।
বিদেশগমনের খরচ কমানো, বিমানবন্দরে ট্রলি সংকট নিরসন এবং খাবারের মান উন্নয়নের কথাও জানায় বিএনপি। লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং প্রবাসীদের অধিকার ও মানবাধিকার সুরক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
ইশতেহারে ওভারসিজ স্কিলস ইনভেস্টমেন্ট পার্ক, মাইগ্রেশন মার্কেট রিসার্চ ইনস্টিটিউট এবং ফরেন ল্যাঙ্গুয়েজ ই-লার্নিং সেন্টার স্থাপনের পরিকল্পনা জানানো হয়। প্রবাসীকল্যাণ বোর্ডের অধীনে ওয়ান স্টপ প্রবাসী সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি দূতাবাসগুলোতে সহায়তা কেন্দ্র ও আইনি বিভাগ চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়।
কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ, শিশুশ্রম ও জোরপূর্বক শ্রম প্রতিরোধ এবং বিদেশে থাকাকালীন মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারানো শ্রমিকদের সহায়তার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য কর্মসংস্থান সহায়তা, পরিবারভিত্তিক শিক্ষা সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করেছে বিএনপি।