Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আজই হজের ফ্লাইট টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ

ডেস্ক রিপোর্ট | Published: Monday, January 19, 2026
আজই  হজের ফ্লাইট টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ

ফাইল ছবি

এ বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজকের (সোমবারের) মধ্যেই হজযাত্রীদের এয়ারলাইন টিকিট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করার জন্য দ্রুত টিকিট নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। সে কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সকে চিঠি দেওয়া হয়।

গত শনিবার এই তিন এয়ারলাইন্সের কাছে পৃথক চিঠি পাঠিয়ে হজ এজেন্সিগুলোর জমা দেওয়া টিকিট চাহিদা দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি আজকের মধ্যেই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হজ এজেন্সিকে জানাতে বলা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ফেব্রুয়ারির ১ তারিখের মধ্যেই মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদন নিয়ে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে ফ্লাইটের সময়সূচি আপলোড করা হয়।

কতজন যাত্রী, কোন ফ্লাইটে যাবে সে সমন্ধে হজ এজেন্সিগুলো আগে থেকেই নিশ্চিত হতে চায়। এই তথ্য ছাড়া সৌদির মক্কা ও মদিনায় হোটেল বা বাসা ভাড়া নেওয়ার চুক্তি করা যায় না। তাই এজেন্সিগুলো নির্দিষ্ট সংখ্যক যাত্রীর টিকিট দেওয়ার জন্য এয়ারলাইনগুলোকে অনুরোধ করছে।

এ পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে বলা হয়েছে, যেন আজকের মধ্যেই যাত্রীদের টিকিটের চাহিদা পূরণ করা হয়।

উল্লেখ্য, হজের আগে অনেকগুলো ফ্লাইট থাকবে। তবে সব ফ্লাইট একসাথে ছাড়া হবে না। বরং হজ শুরু হওয়ার আগেই ৩ ধাপে এই ফ্লাইটগুলো ছাড়া হবে। 

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, একটি হজ এজেন্সির আওতায় যতজন যাত্রী থাকবে তাদের সবাইকেই একই ফ্লাইটে ঐ দেশে পাঠাতে হবে। আর হজের আগে যে ফ্লাইটগুলো আছে তার যেকোনো একটিতে ঐ এজেন্সির মোট যাত্রীর ২০ শতাংশ পাঠাতে হবে।

এ ছাড়া প্রথম ও শেষ ধাপে মোট যাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত টিকিট ইস্যু করার নিয়ম রয়েছে। কোনো ধাপেই ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে নির্দেশনায় উল্লিখিত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, চলতি বছরে হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়গুলো অত্যন্ত জরুরি। আর মদিনায় আবাসন ভাড়া চুক্তি সম্পন্ন করতে হলে বাধ্যতামূলকভাবে টিকিট নিশ্চিত করতে হবে।

টিকিট বরাদ্দ নিশ্চিত হওয়ার পরই উল্লিখিত তিন এয়ারলাইন্সকে তাৎক্ষণিকভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে অবহিত করতে বলা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News