আল্লামা ইকবাল বৃত্তি নিয়ে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, February 15, 2026
ছবি- পাকিস্তান হাইকমিশন
পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে। তারা দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে।
বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন তাদের ভেরিফািইড ফেসবুক পোস্টে আজ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান হাইকমিশন জানায় এ উদ্যোগের লক্ষ্য দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা।
পাকিস্তানে পৌঁছানোর পর শিক্ষার্থীদের বিমানবন্দরে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা স্বাগত জানান।
হাইকমিশন জানায়, খুব শিগগিরই বৃত্তির আওতায় পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।
পাকিস্তানি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্য এবং পাকিস্তানে তাদের অবস্থানকে ফলপ্রসূ ও ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।