নিজে বিমান চালিয়ে আসিয়ান সম্মেলনে আসলেন ব্রুনাইয়ের সুলতান
বিমান চালনায় পারদর্শী এই সুলতান পুত্র প্রিন্স আবদুল মাতিনকে নিয়ে ফিলিপাইনে পৌঁছেছেন
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, May 08, 2026
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রপ্রধান, ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ এবার নিজে আক্ষরিক অর্থেই পাইলটের আসনে এবং তিনি নিজে বিমান চালিয়ে ৪৮তম আসিয়ান সম্মেলনে যোগ দিতেফিলিপাইনের সিবু শহরে পৌঁছেছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার সন্ধ্যায় সুলতান হাসানাল বলকিয়াহ ম্যাকটান-বেনিতো এন. ইবুয়েন বিমানঘাঁটিতে অবতরণ করেন। বিমানটি তিনি নিজেই পরিচালনা করেন। লাইসেন্সধারী পাইলট হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই সরকারি সফরে প্রায়ই নিজে বিমান চালিয়ে গন্তব্যে পৌঁছান।
এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন তাঁর পুত্র প্রিন্স আবদুল মাতিন।
বিমানঘাঁটিতে পিতা-পুত্রকে স্বাগত জানান ফিলিপাইনের সমাজকল্যাণ ও উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব রেক্স গাচালিয়ান, সিবুর গভর্নর প্যামেলা বারিকুয়াত্রো এবং লাপু-লাপু সিটির মেয়র সিন্থিয়া কিং-চ্যান।
এবারের ৪৮তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলো ৭ থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সিবুর ম্যাকটান, লাপু-লাপু সিটিতে। এই বছর ফিলিপাইন আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠনটির সব সদস্যরাষ্ট্রের নেতারাই এই সম্মেলনে উপস্থিত থাকছেন — কেবল ব্যতিক্রম মিয়ানমার। দেশটির সরকার কোনো শীর্ষ নেতা না পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিবকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে।
সূত্র: Inquirer/CNA