নিজ বাসভবন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক সিইওর মৃতদেহ উদ্ধার
গ্রেফতারি পরোয়ানার পরদিনই মৃত, দুর্নীতির মামলায় জামিন বাতিলের আদেশ ছিল আগের দিনই
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, May 08, 2026
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাপিলা চন্দ্রসেনাকে কলম্বোর কলুপিতিয়ায় তাঁর নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সন্দেহজনক।
শুক্রবার ভোরে কলুপিতিয়ার পেড্রিস প্লেসের ৩৭ নম্বর বাড়িতে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ মিডিয়া মুখপাত্র এএসপি এফ. ইউ. উটলার নিশ্চিত করেছেন।
মৃত্যুর ঠিক আগের দিনই কলম্বো প্রধান ম্যাজিস্ট্রেট আসাঙ্গা এস. বোদারাগামা চন্দ্রসেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আদালতের আরোপিত জামিনের শর্ত ভঙ্গ করে অযোগ্য জামিনদার উপস্থাপনের অভিযোগই ছিল ওই পরোয়ানার ভিত্তি। যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।
এর আগে দুর্নীতি তদন্ত কমিশন কলম্বো প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিল, যাতে চন্দ্রসেনার জামিন বাতিল করে মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা হয়। কমিশনের অভিযোগ ছিল, তিনি ইচ্ছাকৃতভাবে দুজন অযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে আদালতে হাজির করে জামিনের শর্ত লঙ্ঘন করেছেন এবং আদালতের বিশ্বাসের সুযোগ নিয়েছেন।
চন্দ্রসেনা ২০১৩ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ১০টি উড়োজাহাজ কেনার একটি বিতর্কিত চুক্তির কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে তদন্তের আওতায় আসেন। দুই শত কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ওই চুক্তিটি দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে বিতর্কিত হয়ে আছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি মিরর, শ্রীলঙ্কা