আটাব নির্বাচন: ফকিরাপুল-পল্টনে গণতান্ত্রিক ফ্রন্টের মতবিনিময় সভাঅনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, July 15, 2026
-কোলাজ ছবি
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ফকিরাপুল, পল্টন ও বিজয়নগর এলাকায় একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
"আটাব গণতান্ত্রিক ফ্রন্ট" প্যানেলের উদ্যোগে আয়োজিত এই সভায় সাধারণ সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যে প্যানেলের পক্ষ থেকে সংগঠনকে আধুনিক ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়।
সভায় বক্তারা ট্রাভেল এজেন্সি ব্যবসার বিদ্যমান সংকট নিরসন এবং সদস্যদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, সব ট্রাভেল এজেন্সি যাতে এয়ারলাইনের সঙ্গে সরাসরি ব্যবসা করতে পারে এবং সমান সুযোগ পায়, সে লক্ষ্যে তারা কাজ করেছিলেন, তবে তাদের কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল। তিনি অসমাপ্ত কাজ শেষ করার জন্য ইব্রাহিম-নান্টু প্যানেলকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ২০২৪-২০২৫ মেয়াদের কমিটির কার্যক্রম তুলে ধরে বলেন, টিকিট সিন্ডিকেট বন্ধে সরকারকে বলে তারা বেনামি টিকিট মজুতদারি বন্ধ করেছিলেন, আর এ কারণেই সিন্ডিকেট সংশ্লিষ্টরা কমিটিকে কাজ করতে দেয়নি এবং এখনো তাদের নাজেহাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বক্তারা 'আরেফ-আফসিয়া পরিষদ'-এর বিগত দিনের বাধা পেরিয়ে অবিচল থাকার কথা স্মরণ করেন। গ্লোবাল এভিয়েশনের হায়াতুন নবী মজুমদার সেই ধারাবাহিকতা বজায় রাখতে "আটাব গণতান্ত্রিক ফ্রন্ট"-কে জয়যুক্ত করার আহ্বান জানান।
আটাবের সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু ট্রাভেল সেক্টরের ব্যবসায়িক পরিবেশ ও আইনি সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং টিকিট সিন্ডিকেট ও কৃত্রিম সংকট কঠোরভাবে দমন করে বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
এ্যারোড্রম ইন্টারন্যাশনালের নুরুল আলম বলেন, এয়ারলাইন কর্তৃক ট্রাভেল এজেন্সির ওপর চাপিয়ে দেওয়া অযৌক্তিক ডিপোর্টি চার্জ আলোচনার মাধ্যমে রহিত করা এবং ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়ে টিকিট বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অর্থ সচিব পদপ্রার্থী গোলাম আযম সৈকত এবং পাবলিক রিলেশন সেক্রেটারি পদপ্রার্থী খোরশেদ আলম প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডকে স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠু নির্বাচন পরিচালনার আহ্বান জানান।
সাংস্কৃতিক সচিব পদপ্রার্থী মাহমুদুল আলম সিদ্দিকী বলেন, ভিএফএস গ্লোবালের সঙ্গে আটাব সদস্যদের সেবার বিনিময়ে কমিশন পাওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত করেছে আরেফ-আফসিয়া পরিষদ।
সভার শেষভাগে মহাসচিব পদপ্রার্থী শফিকুল্লাহ নান্টু সদস্যদের সমর্থন কামনা করে বলেন, সপরিবারে বিদেশ ভ্রমণের জন্য বিশেষ ভাড়া ও বার্ষিক 'ফ্যাম ট্রিপ'-এর আয়োজন করা হবে। যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার জন্য তিনি সদস্যদের প্রতি অতীতের ভূমিকা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।
সবশেষে প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী এ এস এম ইব্রাহিম বলেন, একবিংশ শতাব্দীর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সংগঠনকে যুগোপযোগী ও সদস্যবান্ধব করে গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আটাব সদস্য ও তাদের পরিবারের সুরক্ষায় ন্যূনতম পাঁচ লাখ টাকার গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা চালু করা হবে। পাশাপাশি আটাব ট্রেনিং ইনস্টিটিউটকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে এবং চট্টগ্রাম ও সিলেটে এর নতুন শাখা খোলা হবে।
আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার পক্ষে দাঁড়িয়ে "আটাব গণতান্ত্রিক ফ্রন্ট"-এর পুরো প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্যানেল নেতারা।