Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আটলান্টিক মহাসাগরে ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ, তিনজনের মৃত্যু — ডব্লিউএইচও

আটলান্টিক মহাসাগরে ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ, তিনজনের মৃত্যু — ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে চলমান একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশে যাত্রা করা ডাচ পরিচালিত ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে এই প্রাদুর্ভাব দেখা দেয়। জাহাজটিতে প্রায় ১৭০ জন যাত্রী ও ৭০ জন ক্রু সদস্য রয়েছেন।


ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত একজনের শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে এবং আরও পাঁচজন সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যায় রয়েছেন।


জানা গেছে, প্রথম আক্রান্ত হন ৭০ বছর বয়সী এক যাত্রী, যিনি জাহাজেই মারা যান। তাঁর ৬৯ বছর বয়সী স্ত্রীও একই জাহাজে অসুস্থ হয়ে পড়েন এবং দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরের পর জোহানেসবার্গের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তৃতীয় আক্রান্ত ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক বর্তমানে জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।


হান্টাভাইরাস সাধারণত ইঁদুর বা মূষিকজাতীয় প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়ায়। আক্রান্ত প্রাণীর মূত্র, মলমূত্র বা কামড়ের সংস্পর্শে এলে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। ডব্লিউএইচও জানিয়েছে, বিরল হলেও মানুষ থেকে মানুষেও এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে এবং এটি মারাত্মক শ্বাসকষ্টজনিত জটিলতা সৃষ্টি করতে পারে।


ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, সংস্থাটি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। তিনি বলেন, ঝুঁকি নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।


রোববার জাহাজটি কেপ ভার্দের রাজধানী প্রাইয়ার বন্দরের কাছাকাছি অবস্থান করছিল বলে জানা গেছে।


সূত্র: FRANCE24/AFP

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News