ফিলিপিন্সে সৌদিয়ার ধাক্কায় পিএএলের এয়ারবাস এ৩২০-এর লেজ ক্ষতিগ্রস্ত
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, July 08, 2026
ছবি: সংগৃহীত
মঙ্গলবার রাতে ফিলিপিন্সের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে (নাইয়া) গ্রাউন্ড চলাচলের সময় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় ফিলিপাইন এয়ারলাইনসের (পিএএল) একটি এয়ারবাস এ৩২০-এর লেজের পাখনায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ম্যানিলা টাইমস।
পিএএল কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে, আরপি-সি৮৬১২ নিবন্ধন নম্বরের তাদের এ৩২০ উড়োজাহাজটি সৌদিয়া এয়ারলাইনসের এসভি৮৭১ ফ্লাইট পরিচালনাকারী একটি বোয়িং ৭৮৭-এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, জেদ্দাগামী এসভি৮৭১ ফ্লাইটটি ট্যাক্সিইংয়ের সময় দাঁড়িয়ে থাকা এ৩২০ উড়োজাহাজের লেজে ধাক্কা দেয়, যাতে পিএএলের উড়োজাহাজের ‘ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার’ ক্ষতিগ্রস্ত হয়।
পিএএল জানায়, ঘটনার সময় দাঁড়িয়ে থাকা উড়োজাহাজে কোনো যাত্রী বা ক্রু ছিলেন না এবং কেউ আহত হননি বলেও জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাঠামোগত ক্ষতির কারণে দুটি উড়োজাহাজই পরবর্তী সময়ে গ্রাউন্ডেড করা হয়, ফলে বাতিল করতে হয় সৌদিয়ার জেদ্দাগামী ফ্লাইটটি।
ফিলিপাইনের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, তারা সংশ্লিষ্ট বিমানবন্দর ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে এবং বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে।