মধ্যপ্রাচ্য সংঘাত
বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ ঢাকায়; সহায়তার প্রতিশ্রুতি সরকারের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, April 04, 2026
ছবি: মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিহত এক বাংলাদেশি প্রবাসী কর্মীর মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে মন্ত্রীবৃন্দ ও সিনিয়র সরকারি কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।
বাহরাইনে নিহত এস এম তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী আরিফুল চৌধুরী নিশ্চিত করেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অত্যন্ত সমন্বিতভাবে নিহতদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে মরদেহ আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।
মন্ত্রী উল্লেখ করেন যে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনের জন্য ৩৫,০০০ টাকা এবং তাৎক্ষণিক নগদ ৫০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এর পাশাপাশি ৩,০০,০০০ টাকা আর্থিক সহায়তা এবং ১০,০০,০০০ টাকার বিমার অর্থ প্রদান করা হবে। নিহতের এলাকার স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে দীর্ঘমেয়াদী সহায়তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নুরুল হক জানান, এখন পর্যন্ত তিনজন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয় নিহত সকলের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রচার অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গ্রিসের ক্যাম্পে আটকে থাকা বাংলাদেশিদের ফেরত আনার উদ্যোগ চলমান রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।