অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ায় গতি: শিক্ষার্থী ও পর্যটকদের জন্য বড় স্বস্তি
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, April 04, 2026
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও পর্যটকদের জন্য সুখবর । দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক হালনাগাদ তথ্যে দেখা গেছে, শিক্ষার্থী ও ভিজিটর ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় উল্লেখযোগ্য গতি এসেছে। তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আবেদনকারীদের।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে প্রায় ৩৩ দিনের মধ্যেই নিষ্পত্তি করা হচ্ছে। অন্যদিকে ভিজিটর ভিসার অধিকাংশ আবেদন এক দিনেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে, যা আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণের সময় নির্ভর করে আবেদনপত্রের সঠিকতা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সম্পূর্ণতা এবং অতিরিক্ত তথ্য চাওয়ার পর দ্রুত সাড়া দেওয়ার ওপর। পাশাপাশি স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তা যাচাইয়ের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অস্থায়ী দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে গড়ে প্রায় ৮৭ দিন সময় লাগছে বলে জানা গেছে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসহ আবেদন জমা দিলে প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট দপ্তর।
শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে—কোর্স শুরুর অনেক আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য। কারণ বিদেশ থেকে জমা দেওয়া আবেদনগুলো বিভিন্ন নীতিমালার আওতায় যাচাই করা হয়, যা সময়সাপেক্ষ হতে পারে।
অন্যদিকে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা কাটেনি। দক্ষ কর্মী স্থায়ী ভিসা পেতে গড়ে প্রায় ৯ মাস এবং পার্টনার ভিসার ক্ষেত্রে প্রায় ১৭ মাস পর্যন্ত সময় লাগছে। তবে সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে কিছু আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগপ্রাপ্ত কর্মী এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংশ্লিষ্টদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা প্রক্রিয়াকরণের সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং আবেদনকারীর অবস্থানসহ বিভিন্ন কারণে সময়ের পার্থক্য হতে পারে। সম্পূর্ণ ও নির্ভুল তথ্যসহ আবেদন করলে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি।