বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্কে নতুন মাইলফলক: মালেতে প্রথম বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, December 22, 2025
ছবি: হাইকমিশন
বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে মালদ্বীপের রাজধানী মালেতে প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২০২৫।
রোবাবার বার্সেলো নাসানধুরা হোটেলে আয়োজিত এই প্রদর্শনীটি বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের সহযোগিতায় অনুষ্ঠিত হয়, হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আয়োজকরা জানান, এটি দুই দেশের মধ্যে প্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশভিত্তিক মেডিকেল শিক্ষা প্রদর্শনী, যা শিক্ষা কূটনীতি ও জনকূটনীতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এক্সপোতে বাংলাদেশ থেকে ১৫টি বেসরকারি মেডিকেল কলেজের প্রতিনিধিত্বকারী প্রায় ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রদর্শনীতে এমবিবিএস প্রোগ্রাম, প্রশিক্ষণ সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও একাডেমিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
এক্সপোতে বিপুল সংখ্যক মালদ্বীপীয় শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনকারী মালদ্বীপীয় চিকিৎসকরাও উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন, যা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আস্থা বৃদ্ধি করেছে।
আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই এক্সপো বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে আরও গভীর করেছে এবং ভবিষ্যতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।