বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদার, বিমান ও পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 08, 2026
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’ হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করা হয়।
এ সময় যুক্তরাজ্যের বাণিজ্য দূত বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।