বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT সিমুলেটর প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, April 09, 2026
ছবি : বেবিচক
ঢকাস্থ মার্কিন দূতাবাস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ আয়োজনে তিন দিনব্যাপী SIMFOX CBT Simulator Training কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বেবিচক সদরদপ্তরে গত ৭ এপ্রিল শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি আজ ৯ এপ্রিল (বৃহঃপতিবার) সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাটাশে ডেভিড মো।
এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল বলেন,"এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বেবিচক ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।"
দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক এক্স-রে স্ক্রিনিং প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক সিমুলেশনের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ-সংশ্লিষ্ট আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়, যা ভবিষ্যতের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিমান নিরাপত্তা খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে সহায়তা করবে।