বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ১২ চীনা প্রতিষ্ঠান
সিনিয়র প্রতিবেদক
| Published: Sunday, June 28, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, উৎপাদনশিল্প ও শিক্ষা খাতে বাংলাদেশে মোট ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১২টি প্রতিষ্ঠান।
গত ২৫ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা বিনিয়োগ প্রস্তাবগুলো উপস্থাপন করেন।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী গত শনিবার বলেন, নবনির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের কর-সংক্রান্ত পূর্বাভাস (ফাইভ-ইয়ার ট্যাক্স আউটলুক) উপস্থাপন করেছে, যা নীতিগত স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি পূর্বানুমানযোগ্যতার বার্তা দেয়।
বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) উৎপাদন কেন্দ্র স্থাপনে ৮৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।
এদিকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও পরিচালনা, বন্ডেড ওয়্যারহাউস এবং লজিস্টিকস অবকাঠামো নির্মাণে ৬৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
শেনঝেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদনে ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে এসএফ এক্সপ্রেস ই-কমার্স ও রপ্তানি শিল্পকে সহায়তা দিতে মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড ওয়্যারহাউস স্থাপনে ১৮ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি উৎপাদন এবং পায়রা বন্দর শিল্পাঞ্চলে ২০০ মেগাওয়াটের নিজস্ব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
পরিবেশ খাতে সবচেয়ে বড় একক বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ঝংশিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ। প্রতিষ্ঠানটি পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা শিল্পপ্রকল্প গড়ে তুলতে ১৬৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।
এ ছাড়া সিআরআরসি জিয়াং কোং লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে রেল কোচ (রোলিং স্টক) সংযোজন কারখানা স্থাপনে ১৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে ৪৫০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, যা প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় অবকাঠামোগত বিনিয়োগ।
এদিকে চায়না কেপাই এডুকেশন গ্রুপ ৩০ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক অ্যাপ্লিকেশনভিত্তিক বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠায় ২৭ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে চায়না শানডং ঝংশিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড বাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ঔষধি গাছের চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।