Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই


দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।


এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ টুর্নামেন্টের আয়োজন করছে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরস।


“ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একই ক্রীড়া মঞ্চে অংশ নেবে।


টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।


আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।


এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা এবং এভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।


টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন এবং প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। 


এছাড়া স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ফেমাস ক্রিয়েশন টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবে।


এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে এবং দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা এই খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে পেশাগত পরিসরের বাইরে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বাড়ানোর জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অভাব ছিল বলে তিনি মন্তব্য করেন। 


তিনি আরও বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং দেশের এভিয়েশন পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি অনন্য উদ্যোগ।” 


তিনি জানান খেলা শুরুর দুই দিন আগে রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হবে, যেখানে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।”


টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, বিশ্বকাপ ফুটবলের আবহকে সামনে রেখে এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, টিমওয়ার্ক এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য। 


আদনান আরও বলেন, “টুর্নামেন্টকে ঘিরে আমরা শুধু মাঠের প্রতিযোগিতাই নয়, এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে একটি কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্মও তৈরি করতে চাই। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার হবে, যা ভবিষ্যতে খাতটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই আয়োজন দেশের এভিয়েশন খাতের সবচেয়ে আলোচিত ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।”


আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের আকাশপথে সেবা দেওয়া দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেশের এভিয়েশন খাতের অন্যতম ব্যতিক্রমধর্মী ক্রীড়া আয়োজন হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News