Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

প্রবাসীদের সম্পৃক্ত করতে অক্সফ্যামের ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম উদ্বোধন

প্রবাসীদের সম্পৃক্ত করতে অক্সফ্যামের ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম উদ্বোধন

ছবি: ওহিদুজ্জামান টিটু

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ এবং পেশাগত সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে অক্সফ্যাম ইন বাংলাদেশ।


bridgetobd.org ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই প্ল্যাটফর্মটি রোববার (২৮ জুন) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, প্রবাসী নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্ল্যাটফর্মটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখেরও বেশি বাংলাদেশিকে যাচাইকৃত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে বাংলাদেশি প্রবাসীরা আগ্রহী। তবে এ জন্য পারস্পরিক আস্থা তৈরি এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পৃক্ততা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত ডায়াসপোরা নীতিমালা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে।


তিনি আরও বলেন, অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখালেও আস্থার ঘাটতি, সীমিত যোগাযোগ এবং সরকারি সেবার সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত তারা বিনিয়োগ থেকে সরে যান। তাই প্রবাসীদের সঙ্গে আরও কার্যকর সংযোগ স্থাপন জরুরি।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, এই উদ্যোগটি বাংলাদেশি প্রবাসীদের সম্পৃক্ত করতে সরকারের চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যতের ডায়াসপোরা নীতিমালাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ-এর চেয়ার আফসানা বেগম বলেন, জাতীয় সংকট, মানবিক দুর্যোগ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সময় বাংলাদেশি প্রবাসীরা সবসময় দেশের পাশে দাঁড়িয়েছেন।


তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি, তিনিসহ, বাংলাদেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে অবদান রাখতে আগ্রহী। এই প্ল্যাটফর্ম প্রবাসীদের জন্য দেশের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার একটি বাস্তবসম্মত পথ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে। তিনি বলেন, ব্রিজ টু বাংলাদেশ কেবল অক্সফ্যামের কোনো প্রকল্প নয়; এটি একটি জাতীয় উদ্যোগ। এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বৈশ্বিক পরিচিতিকে নতুনভাবে তুলে ধরতে পারে--যেখানে বাংলাদেশ কেবল সহায়তা গ্রহণকারী দেশ নয়, বরং জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে অবদান রাখা একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম-বন্ডে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি মো. সবুর খান, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।


অনুষ্ঠানে মো. শরিফুল ইসলাম, অক্সফ্যাম ইন বাংলাদেশের হেড অব ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া, প্ল্যাটফর্মটির ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত যাত্রাপথ তুলে ধরেন।


এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের আরবান ডিজাইনের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক প্ল্যাটফর্মটির নকশা তৈরিতে ব্যবহৃত গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের হেড অব ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিস ফাতেমা তুজ জহুরা।


অক্সফ্যাম জানায়, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরব্যাপী গবেষণার ফল হিসেবে ব্রিজ টু বাংলাদেশ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এই গবেষণার আওতায় ১২টি দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ওপর বৈশ্বিক জরিপ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিশ্বের ১১টি ডায়াসপোরা সম্পৃক্ততা প্ল্যাটফর্মের বিশ্লেষণ এবং বাংলাদেশের এনজিও ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সাথে পরামর্শ করা হয়।


প্ল্যাটফর্মটিতে রয়েছে যাচাইকৃত ব্যবহারকারী প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, মেন্টরশিপের সুযোগ, কমিউনিটি ফোরাম এবং অবদানের প্রভাব পর্যবেক্ষণের সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে, বিভিন্ন অনুষ্ঠান ও অ্যাডভোকেসি কার্যক্রমে অংশ নিতে এবং স্বচ্ছ ও অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অবদানের প্রভাব পর্যবেক্ষণ করতে পারবেন।


অক্সফ্যাম জানায়, এই প্ল্যাটফর্মটি বাংলাদেশি প্রবাসী, স্থানীয় সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নেটওয়ার্কের জন্য উন্মুক্ত। তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগির মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News