স্থায়ী মর্যাদা নিন বা দেশে ফিরুন: অস্থায়ী অভিবাসীদের মার্কিন হোমল্যান্ড সেক্রেটারির আল্টিমেটাম
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, June 29, 2026
মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি মার্কওয়েন মুলিন- ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষিত মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের হয় স্থায়ী বাসিন্দার (পার্মানেন্ট রেসিডেন্সি) মর্যাদা নিতে হবে, নয়তো নিজ দেশে ফিরে যেতে হবে — রোববার এমন মন্তব্য করেছেন মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি মার্কওয়েন মুলিন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব জানান।
তাঁর এই মন্তব্য গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টের একটি বিভক্ত রায়ের পর দেওয়া। ওই রায়ে ট্রাম্প প্রশাসনকে লাখ লাখ হাইতিয়ান ও সিরীয় অভিবাসীর মানবিক সুরক্ষা মর্যাদা বাতিল করার অনুমতি দেওয়া হয়েছে, যে মর্যাদা তাদের নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্টেশন) থেকে রক্ষা করত।
২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর হাইতিয়ানদের এবং ২০১২ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরীয়দের এই টিপিএস মর্যাদা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বড় আকারে এই অভিবাসী বহিষ্কারের পরিকল্পনার বিরোধিতা করছেন কিছু রিপাবলিকান নেতাও। রোববার সিএনএনে কথা বলতে গিয়ে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেন, হাইতিয়ানদের ফিরে পাঠানো নিরাপদ নয় এবং এতে ওহাইওর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে বড় কর্মী-সংকট দেখা দেবে বলে তিনি সতর্ক করেন।
রয়টার্স জানিয়েছে, ওহাইওতে হাইতিয়ান অভিবাসীদের উপস্থিতির ফলে বেশ কিছু এলাকায় অর্থনৈতিক পুনরুজ্জীবন এনেছে — মজুরি বেড়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে।
গভর্নর ডিওয়াইন বলেন, "অনেক সময় হাইতিয়ানরাই আপনার আলঝেইমারে আক্রান্ত বাবা বা মায়ের সেবা করছেন, নার্সিং হোমে পরিবারের সদস্যদের দেখাশোনা করছেন। এদের সবাইকে বের করে দেওয়া আমাদের নিজেদের স্বার্থেই ক্ষতিকর।"
সূত্র: রয়টার্স