বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ বাতিল করল মার্কিন আদালত
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, August 22, 2026
বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের একটি নীতি শুক্রবার বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। তিনি বলেছেন, এই নীতি জারির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস বলেন, পররাষ্ট্র দপ্তরের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল "সুস্পষ্টভাবে বেআইনি" এবং তা ফেডারেল ইমিগ্রেশন আইনের সঙ্গে সাংঘর্ষিক, যে আইন কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের ক্ষমতা স্পষ্টভাবে খর্ব করে দিয়েছে।
রায়ে তিনি লেখেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার এই নীতি আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।
পররাষ্ট্র দপ্তরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই স্থগিতাদেশ ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশ; বসনিয়া ও আলবেনিয়ার মতো বলকান দেশ; দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ; এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের আবেদনকারীদের ওপর প্রভাব ফেলেছিল।
পররাষ্ট্র দপ্তর বলেছিল, এসব দেশের আবেদনকারীরা "সরকারি সহায়তানির্ভর হয়ে পড়ার এবং যুক্তরাষ্ট্রের স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল সরকারি সম্পদের ওপর নির্ভরশীল হওয়ার উচ্চ ঝুঁকিতে" আছেন। এই রায় নিয়ে মন্তব্যের অনুরোধে দপ্তরটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারক ভার্গাস এই রায় দেন ক্যাথলিক লিগাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামের দুটি অভিবাসী অধিকার সংস্থার দায়ের করা এক মামলায়। মামলাটিতে বাদী হিসেবে যুক্ত ছিলেন অভিবাসী ভিসার জন্য আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রের সেসব নাগরিক, যাঁরা তালিকাভুক্ত দেশগুলো থেকে পরিবারের সদস্যদের অভিবাসী ভিসার জন্য স্পনসর করছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করে আসছেন বলে তিনি নিজেই দাবি করেছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই কড়াকড়ি নীতি বাক্স্বাধীনতা ও ন্যায্য প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে এবং বিশেষত জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি অনিরাপদ পরিবেশ তৈরি করেছে, যাঁরা বর্ণবৈষম্যমূলক প্রোফাইলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: রয়টার্স