২৬ নভেম্বর চালু হচ্ছে চীনের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
সংগৃহীত
চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে আগামী ২৬ নভেম্বর চালু হচ্ছে হোহহট শেংলে আন্তর্জাতিক বিমানবন্দর। ৬৮ বছর ধরে চালু থাকা বাইতা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে নতুন বিমানবন্দরটি যাত্রীদের সেবা দেবে।
এটি ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রথম 4F-শ্রেণির আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন বিমানবন্দর চালুর ফলে ওই অঞ্চলের বিমান চলাচলের সক্ষমতা বাড়বে। পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরটিতে ৩ লাখ ২০ হাজার বর্গমিটারের টার্মিনাল ভবন রয়েছে। দুটি সমান্তরাল রানওয়ের মধ্যে দূরত্ব ২ হাজার মিটার। এ ছাড়া উড়োজাহাজ রাখার জন্য রয়েছে ১৩০টি পার্কিং স্ট্যান্ড।
বিমানবন্দরটি দিয়ে বছরে ২ কোটি ৮০ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। একই সময়ে ৩ লাখ ২০ হাজার টন কার্গো ও ডাক পরিবহন এবং ২ লাখ ৪৪ হাজার উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে।
নতুন বিমানবন্দরটি বেইজিং-তিয়ানজিন-হেবেই অঞ্চলের বিমানবন্দরগুলোর বিকল্প হিসেবেও কাজ করবে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ানগামী ফ্লাইটের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের সুবিধায় আন্তর্জাতিক চেক-ইন কাউন্টার এবং চীনা ও ইংরেজি ভাষায় নির্দেশনাসংবলিত সাইনবোর্ডও রয়েছে।
২০২৬ সালের মার্চে বিমানবন্দরটির শুল্ক ও অভিবাসনসহ প্রবেশবন্দর-সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শনে অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সেখানে রাখা হয়েছে।