বিমান ও পর্যটন খাতকে জনবান্ধব করতে পদক্ষেপ নিচ্ছে সরকার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 16, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
আজ দুপুরে মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
রথযাত্রা উপলক্ষ্যে মন্ত্রী উপস্থিত সনাতনী ভক্তবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি আজকের অবস্থানে এসেছি। আমি হিন্দু মুসলিম সকলের জন্য উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ প্রতিষ্ঠায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”