আটাব নির্বাচন: ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’ প্যানেলের ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
| Published: Friday, July 17, 2026
প্যানেলের প্রধান এস এন মঞ্জুর মোর্শেদ। ছবি: ওহিদুজ্জামান টিটু।
আগামী ২৫ জুলাই একযোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনে অংশ নেওয়া 'আটাব গণতান্ত্রিক ঐক্যজোট' প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর ক্রিস্টাল প্যালেস গুলশান ক্লাব লিমিটেডে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্যানেলের প্রধান এস এন মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি পদপ্রার্থী মো. জালাল উদ্দিন টিপুসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সংগঠন হিসেবে আটাবকে গড়ে তোলা এবং সদস্যদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণই তাদের মূল লক্ষ্য।
ইশতেহারে ৪টি মূল লক্ষ্য--সকল সদস্যের সুরক্ষা নিশ্চিত করা, ব্যবসার ক্ষমতায়ন বৃদ্ধি করা, বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরা এবং আটাবকে একটি আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
শিল্পের ঐক্য সুদৃঢ় করা, আটাব গবেষণা ও নীতি কেন্দ্র প্রতিষ্ঠা, ভোক্তা সচেতনতা ক্যাম্পেইন, প্রশিক্ষণ ও পেশাগত সনদ প্রদান, তরুণ ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন কর্মসূচি, নারী নেতৃত্ব তৈরিতে উদ্যোগ নেওয়ার ঘোষণা করেছে প্যানেলটি।
এছাড়া, সদস্য সহায়তা ও আইনি সহযোগিতা, আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত, B2B নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি, আঞ্চলিক উন্নয়ন, সংকট মোকাবিলা ও টেকশই শিল্প ব্যবস্থা গড়ে তোলা এবং বার্ষিক বাংলাদেশ ট্রাভেল সামিট আয়োজন করার কথাও বলা হয়েছে ইশতেহারে।
কিছু বিশেষ অঙ্গীকারও করেছে ‘আটাব গণতান্ত্রিক ঐক্যজোট’। সেগুলোর মধ্যে রয়েছে শিল্পসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য একটি সেল প্রতিষ্ঠা, প্রতিবছর বাংলাদেশ ট্রাভেল ইন্ডাস্ট্রি রিপোর্ট প্রকাশ, ইনবাউন্ড পর্যটন উন্নয়নে সরকারি প্রণোদনার পক্ষে কার্যকর ভূমিকা পালন, বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোকে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সংযুক্ত করতে একটি নেটওয়ার্ক তৈরি, সদস্যদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা এবং এয়ারলাইন্স, ওটিএ, হজ ও ওমরাহ, ইনবাউন্ড ট্যুরিজম, এমআইসিই এবং ভিসা সেবা খাতের জন্য পৃথক বিশেষায়িত কমিটি গঠন।
প্যানেল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী জালাল উদ্দিন টিপু বলেন, “এমন একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আটাব গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি সদস্য সমান গুরুত্ব ও মর্যাদা পাবেন।’
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি সদস্যবান্ধব আটাব প্রতিষ্ঠা করা। নতুন উদ্যোক্তারা যেন সহজে সংগঠনের সদস্য হতে পারেন, সে লক্ষ্যে ভর্তি (অ্যাডমিশন) ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আটাবের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আটাব হবে সকল সদস্যের সংগঠন। এখানে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা বৈষম্যের স্থান থাকবে না। সদস্যদের স্বার্থ রক্ষা, সেবার মান উন্নয়ন এবং ট্রাভেল এজেন্সি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”