Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান পরিবহন খাতের উন্নয়নে ৬ বিষয়ে গুরুত্ব আইএটিএর

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 21, 2026
বিমান পরিবহন খাতের উন্নয়নে ৬ বিষয়ে গুরুত্ব আইএটিএর

আইএটিএ, ছবি- সংগৃহীত

বৈশ্বিক বিমান পরিবহন খাতকে আরও প্রতিযোগিতামূলক, টেকসই ও যাত্রীবান্ধব করতে ছয়টি বিষয়ে গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। বিষয়গুলো হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যাত্রী সুরক্ষা, বিমানবন্দর ও নেভিগেশন চার্জ, টেকসই জ্বালানি, ভ্রমণ সহজীকরণ এবং করব্যবস্থা।


শুক্রবার কানাডার মন্ট্রিয়লে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শেষে এ অবস্থান জানায় আইএটিএ। গত ১৬ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিমান পরিবহন খাতের অংশীজনেরা অংশ নেন।


আইএটিএ জানায়, সম্মেলনে তারা ছয়টি কার্যপত্র ও তিনটি তথ্যপত্র জমা দিয়েছে। এসব প্রস্তাবে বিমান পরিবহন খাতের বিভিন্ন নীতিগত বিষয় তুলে ধরা হয়। সম্মেলনে সরকারগুলো আরও সংযুক্ত, প্রতিযোগিতামূলক, টেকসই ও যাত্রীকেন্দ্রিক বিমান পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সমর্থন জানিয়েছে।


সংস্থাটি বলেছে, বিমান পরিবহন খাতের উন্নয়নে অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, প্রতিযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিমানবন্দর ও এয়ার নেভিগেশন সেবার চার্জ নির্ধারণে স্বচ্ছতা এবং ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার ওপর জোর দিয়েছে তারা।


যাত্রী সুরক্ষার বিষয়ে আইএটিএ বলেছে, যাত্রীদের অধিকার রক্ষার পাশাপাশি তাঁদের পছন্দের স্বাধীনতা ও প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে।


আইএটিএর বৈদেশিক সম্পর্কবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস রেইনার্ট বলেন, সরকার ও বিমান পরিবহন খাতের প্রতিনিধিদের একত্র করার ক্ষেত্রে আইকাওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিমান পরিবহন খাত বিশ্বে ৯ কোটি ৯০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনীতিতে ৫ ট্রিলিয়ন ডলারের অবদান রাখে।


তিনি আরও বলেন, এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর করসিয়াকে (আন্তর্জাতিক বিমান চলাচলে কার্বন নিঃসরণ কমানো ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা) সমর্থন দেওয়া এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা চালুর ফলে সম্ভাব্য অতিরিক্ত ব্যয় ও বিভ্রান্তি এড়ানো জরুরি। এ ছাড়া কার্গো পরিবহনের জন্য উপযোগী নিয়ন্ত্রণ কাঠামো তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।


আইএটিএ জানায়, জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ২০২৬ সালে বিশ্বে বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধির হার ২০০৯ সালের পর সর্বনিম্ন হতে পারে। মহামারির বছরগুলো এ হিসাবের বাইরে রাখা হয়েছে। বিশ্বের ৩৮০টির বেশি এয়ারলাইনস আইএটিএর সদস্য। এসব এয়ারলাইনস বিশ্বের মোট বিমান চলাচলের প্রায় ৮৫ শতাংশ পরিচালনা করে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News