প্রযুক্তিগত সমস্যায় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যার কারণে সোমবার কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়েছে। তবে সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইউনাইটেডের পাইলটদের সংগঠন এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংস্থাটির কার্যক্রমজুড়ে প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছিল। এতে পাইলটদের বিভিন্ন অ্যাপ্লিকেশন, ক্রুদের মধ্যে যোগাযোগ এবং বার্তা আদান-প্রদানের ব্যবস্থা ব্যাহত হয়।
সংগঠনটি আরও জানায়, এই সমস্যার কারণে উড্ডয়নের আগে উড়োজাহাজের চূড়ান্ত ওজনসংক্রান্ত তথ্য সরবরাহেও বিঘ্ন ঘটে। এবিসি নিউজের হাতে আসা সংগঠনটির একটি স্মারকলিপিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সাইবার নিরাপত্তার কোনো সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি। কিছু ফ্লাইট বিলম্বিত হলেও আকাশে থাকা ফ্লাইটগুলোতে কোনো প্রভাব পড়েনি। ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইট চলাচলও স্বাভাবিক ছিল।
যুক্তরাষ্ট্রে দেশজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয়ের কয়েক দিন পর এ ঘটনা ঘটল। এর আগে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং আরও কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৪০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া বিলম্বিত হয়েছে ৫ হাজারের বেশি ফ্লাইট। যদিও আগের তুলনায় ফ্লাইট বাতিলের পরিস্থিতির উন্নতি হয়েছে।